ভোলায় গ্রামের নলকূপ বসানো হচ্ছে পৌর এলাকায়
ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ৬৭টি গভীর নলকূপ স্থাপনের নির্দেশ এলেও ভোলা জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেগুলো পৌরসভা এলাকায় বসানোর জন্য সরবরাহ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ আগস্ট ভোলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে গত ১৭ আগস্ট চরসামাইয়্যা ও পশ্চিম ইলিশা ইউনিয়নের লোকজন ভোলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঘেরাও করে নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদের ওপর চড়াও হয়। তবে প্রকৌশলী কোনো আইনানুগ ব্যবস্থা নেননি। তবে পুলিশ জনস্বাস্থ্য বিভাগ ঘেরাও ও প্রকৌশলীকে লাঞ্ছিত করার অপরাধে চরসামাইয়্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল মহাজনকে আটক করে। ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউনিয়নের চেয়ারম্যানরা লিখিত বক্তব্যে জানান, আইলা-দুর্গত এলাকার মানুষের বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার জন্য ভোলা সদর উপজেলায় ৬৭টি গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যানরা তিন লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য জনস্বাস্থ্য অফিসে দেন। কিন্তু ওই টাকা জমা না দিয়ে আত্মসাৎ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আহসানুল হক প্রতিটি নলকূপের জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা ঘুষ নিয়ে গোপনে নিজের ইচ্ছামতো পৌর এলাকাসহ বিভিন্ন বাড়িতে বরাদ্দ দেন, যা ইতিমধ্যে বসানো শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা আরও জানান, এই গভীর নলকূপগুলো বাংলাদেশ ওয়াটার সাপ্লাই প্রোগ্রাম প্রোজেক্টের অধীন ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নের জন্য ৫০টি ও আইলায় ক্ষতিগ্রস্ত হিসেবে ১৭টি টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়। উপজেলা ওয়াটস্যান কমিটির ইউনিয়ন হারে বরাদ্দপত্র জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী এবং ইউপি চেয়ারম্যান কার্যালয়ে পৌঁছানো হয় ।এ বরাদ্দের পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনস্বাস্থ্য বিভাগের সদর উপজেলার উপসহকারী প্রকৌশলীর সমন্বয়ে গত ১৩ জুন ওয়াটস্যান কমিটির সভায় জনসংখ্যা ও প্রয়োজনের গুরুত্ব বিবেচনা করে ১৩ ইউনিয়নের জন্য বরাদ্দ বিভাজনপত্র তৈরি করা হয়। ওই পত্র অনুযায়ী ইউপি চেয়ারম্যানরা নলকূপপ্রতি সাড়ে চার হাজার টাকা হারে তিন লাখ এক হাজার টাকা সরকারি তহবিলে জমা দেন। ওই টাকা গ্রহণ করেন উপসহকারী প্রকৌশলী এ টি এম আহসানুল হক। ওই টাকা সরকারি তহবিলে জমা দেননি ওই কর্মকর্তা। উল্টো গ্রামের মানুষের পানির চাহিদা বিবেচনা না করে পৌর শহরের বিভিন্ন বাসাবাড়িতে টাকার বিনিময়ে টিউবওয়েল স্থাপন করা হচ্ছে। এসব টিউবওয়েল স্থাপনে ইউনিয়ন পরিষদের সভার সিদ্ধান্ত রেজ্যুলেশন আকারে থাকার নিয়ম থাকলেও জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলীরা এর তোয়াক্কাই করছেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, আবু নোমান মো. শফিউল্যাহ, অধ্যক্ষ রুহুল আমিন, মো. সিরাজ উদ্দিন, কাজী আবু তাহের ও জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সম্পাদক রাইসুল আলম। তাঁরা দুর্নীতিবাজ প্রকৌশলীদের বিচার দাবি করেন। পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব চর নন্দনপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে মো. মনির হোসেন অভিযোগ করেন, তাঁদের বাড়িতে নলকূপ বসানোর কথা বলে উপসহকারী প্রকৌশলী আহসানুল হক চার-পাঁচ মাস আগে ১৫ হাজার টাকা নিয়েছেন। কিন্তু গত কয়েক দিন ধরে আহসানুল হককে অফিসে পাওয়া যাচ্ছে না। তাঁর মতো আরও অনেকের কাছ থেকে ওই প্রকৌশলী ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপ-প্রকৌশলী আহসানুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুুল মজিদ বলেন, ‘ওই নলকূপগুলো বসানোর ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই। ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যানের দেওয়া তালিকা অনুযায়ী বসানো হচ্ছে। কেউ ঘুষ নিতেও পারে, নাও নিতে পারে। এ ব্যপারে কিছুই জানি না। আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। তবে উপসহকারী প্রকৌশলী আহসানুল হকের বিরুদ্ধে নানা অভিযোগ আমার কানে এসেছে। তার পরিবর্তে নতুন একজন উপসহকারী প্রকৌশলী আনার ব্যবস্থা করেছি।’