ভোলায় চাল নিতে এসে রেলিং ভেঙে আহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদ উপলক্ষে দেওয়া খয়রাতির চাল (ঈদ বিশেষ ভিজিএফ) নিতে এসে ইউনিয়ন পরিষদের রেলিং ভেঙে নিচে পড়ে ২২ জন আহত হয়েছে। দুর্ঘটনার পরে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। আহতদের স্থানীয়ভাবে ও ভোলা শহরে চিকিত্সা দেওয়া হচ্ছে। চাল নিতে অতিরিক্ত লোক জড়ো হওয়ায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ সূত্র ও আহত ব্যক্তিরা জানায়, ঈদ উপলক্ষে ভেলুমিয়া ইউনিয়নে সাড়ে ১০ মেট্রিক টন বিশেষ ভিজিএফ ও সাধারণ রিলিফের চাল আসে। ওই চাল পাঁচ কেজি করে বিতরণ করা হলেও মাত্র দুই হাজার লোক পায়। কিন্তু আজ এ চাল নিতে প্রায় পাঁচ-ছয় হাজার লোক ভিড় করে।আহত মোকলেস বেপারি বলেন, ‘ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান বাদশা ও উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু প্রকৃত গরিবদের না দিয়ে ওই চাল দলীয় কর্মীদের মধ্যে ভাগ করে দেয়। এ সময় চাল না পাওয়া লোকজনের ভিড়ে রেলিং ভেঙে কিছু লোক নিচে পড়ে যায়। এতে হায়াতুন নেছা, মোকলেস, আসমা খাতুন, তামান্না নেছা, মিনারা বেগম, সালমা আকতার, সাথী বেগম, রাসেদা খাতুন, আবদুল খালেক, আবদুল বারেকসহ ২২ জন আহত হয়েছে। ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান বাদশা প্রথম আলোকে দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, ‘কীভাবে, কাকে, কয় কেজি করে চাল বিতরণ করা হয়েছে তা আমি কিছু বলতে পারব না। এটা উপজেলা চেয়ারম্যান ভালো বলতে পারবেন।’সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু প্রথম আলোকে বলেন, ‘অসহায় গরিব-দুঃখীদের তালিকা করে তাদেরকে আইডি কার্ড বিতরণ করে চাল বিতরণ করা হচ্ছিল। কিন্তু পরিষদে পাঁচ-ছয় হাজার লোকের সমাগম হয়। তারা চাপ প্রয়োগ করলে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পরে চাল বিতরণ বন্ধ করা হয়েছে। বাকি চাল কাল মঙ্গলবার বিতরণ করা হবে।’উল্লেখ্য, ২০০৮ সালে এ রকম রেলিং ভেঙে ১৫ জন আহত হয়।