ভোলায় জলদস্যু-পুলিশ ‘বন্দুকযুদ্ধ’, নিহত ৫
ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় আজ মঙ্গলবার পুলিশের সঙ্গে জলদস্যুদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা জলদস্যু। স্থানীয় ক্ষুব্ধ জেলেরা তাদের পিটিয়ে মেরেছেন বলে পুলিশের দাবি।নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, জব্বার ও কবির। তাঁদের বাড়ি হাতিয়ায়। এদিকে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন আবদুল খালেক (২৪) ও রাশেদ (২৫)। তাঁদের বাড়ি হাতিয়ার সুবর্ণচরে। ঘটনা সম্পর্কে ভোলার পুলিশ সুপার বশির আহম্মদ বিকেল চারটার দিকে প্রথম আলো ডটকমকে বলেন, আজ ঢালচর ফাঁড়ি ও চর কচ্ছফিয়া ফাঁড়ির পুলিশ চরফ্যাশন ও মনপুরার মধ্যবর্তী মেঘনা নদীতে জলদস্যুদের উপদ্রবের খবর পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। বেলা একটা পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে। পরে পুলিশের সঙ্গে যোগ দেন স্থানীয় জেলেরা। স্থানীয় জেলেরা পাঁচ জলদস্যুকে পিটিয়ে মেরেছেন বলে তিনি দাবি করেন।পুলিশ সুপারের ভাষ্য, জলদস্যুরা সংখ্যায় অনেক হওয়ায় ভোলা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিকেল চারটা পর্যন্ত জলদস্যুদের ধরতে অভিযান চলে। পুলিশ সুপার জানান, তাঁরা তিনটি রাইফেল, দুটি শর্টগান, ছয়টি বন্দুক, ১৮টি গুলি, ৩৪টি দা উদ্ধার করেছে।