ভোলায় জলদস্যুর কবলে ৫৭ জেলে, ৩০ জন নিখোঁজ
ভোলার মনপুরা উপজেলার বালিয়াচর এলাকায় সাগরের মোহনায় গতকাল শনিবার দিবাগত রাতে চারটি মাছ ধরার নৌকা জলদস্যুদের কবলে পড়েছে।এ সময় জলদস্যুরা ৫৭ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে নদীতে ফেলে দেয়। তাঁদের মধ্য থেকে ২৭ জন সাঁতরে বিভিন্ন দুর্গম চরে আশ্রয় নিলেও এখনো ৩০ জন নিখোঁজ। আহত জেলেরা স্থানীয়ভাবে চিকিত্সা নিচ্ছেন।উদ্ধার হওয়া জেলেরা জানান, প্রতিদিনের মতো গতকালও তাঁরা মাছ ধরতে সাগরে যান। মাছ ধরে রাত আটটার দিকে বাড়ির পথে জলদস্যু মুন্সিয়া বাহিনী সাগরের মোহনা মেঘনায় চারটি মাছধরা নৌকায় সশস্ত্র হামলা চালায়। এ সময় জলদস্যুরা বিভিন্নভাবে আঘাত করে ৫৭ জেলেকে নদীতে ফেলে দেয়।মুক্তার মালা নামক নৌকার বেঁচে যাওয়া জেলে বশীর মাতব্বর জানান, জলদস্যুরা আক্রমণ চালালে তারা বাধা দিলে জলদস্যুরা জেলেদের পিটিয়ে ও কুপিয়ে নদীতে ফেলে দেয় এবং চারটি নৌকা ছিনতাই করে নিয়ে গেছে। তাঁদের নৌকায় থাকা ২০ জেলের মধ্যে এখনো ১২ জন নিখোঁজ।এমভি মায়ের দোয়া নামক নৌকার জেলে আবদুল খালেক মাঝি জানান, তাঁদের নৌকায় থাকা ১৫ জেলের মধ্যে সাতজন এখনো নিখোঁজ।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার জানান, সাগর মোহনার ওই জলসীমানা মনপুরা উপজেলার বাইরে। সেখানে অভিযান চালানোর মতো কোন জলযান পুলিশের নেই।