ভোলায় ধরপাকড় আইনসংগত নয়: ইসি
নির্বাচনের দুই দিন আগে ভোলা-৩ আসনে রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার আইনসংগত নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টিকে প্রতিরোধমূলক গ্রেপ্তার উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন।ভোলা-৩ আসনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারে, সন্দেহভাজন এমন ৫৬ সন্ত্রাসীর তালিকা সরকারের একটি গোয়েন্দা সংস্থা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যায়। কমিশনের সঙ্গে তাদের বৈঠকের পর পরই এ চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সচিবের উদ্দেশে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন জানতে পেরেছে, কোনো কোনো সংস্থা বা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলা-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও ভোটারদের গ্রেপ্তার করা হচ্ছে। কমিশনের নির্দেশনা ছাড়া এ ধরনের প্রতিরোধমূলক গ্রেপ্তার আইনসংগত নয়। তবে নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ অবস্থায় কমিশনের নির্দেশনা দ্রুত কার্যকর করার জন্য অনুরোধ করা হলো।এ বিষয়ে পরে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, বিএনপির সঙ্গে বৈঠকের আগেই তাঁরা ৫৬ জনের তালিকার বিষয়ে অবহিত হন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ভোলা-৩ আসনে সবকিছু ইসির নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অন্য কেউ কোনো নির্দেশনা দিলে তা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে যে ব্যবস্থা নেওয়া আছে, তাতে নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই।কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভোলা-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে সরকারের কোনো মন্ত্রণালয় বা সংস্থার নির্দেশনাকে নির্দেশ হিসেবে গণ্য করা হবে না। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সবকিছু কমিশনের নিয়ন্ত্রণেই থাকবে।কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদ। নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘একটি জাতীয় দৈনিকে ৫৬ জন সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকা ছাপা হয়েছে। এ তালিকা সরকারের একটি গোয়েন্দা সংস্থা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। তালিকার ৫৬ জনের মধ্যে ৪০ জনই বিএনপির নেতা-কর্মী। বাকিরা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের। এতে আমাদের সন্দেহ হচ্ছে, ভোলার নির্বাচন সরকার করছে, নাকি কমিশন।’ কমিশন বলেছে, এ তালিকার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।হাফিজউদ্দিন আহমেদ নির্বাচন ১০ দিন পেছানোর যে দাবি করেছেন, সে সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, ‘পরিস্থিতির কারণে আমাদের প্রার্থী ব্যক্তিগতভাবে এ দাবি করেছেন, এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয়।’