ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতের এ ঘটনায় পুলিশসহ ৩২ জন আহত হন। আহত ব্যক্তিদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলাদেশ জাতীয় পার্টির ছাত্রবিষয়ক সম্পাদক আশিকুর রহমান শান্ত চেয়ারম্যান পদপ্রার্থী গজনবী টিপুর পক্ষে ইউনিয়নের বটতলা এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে ফেরার পথে একদল সন্ত্রাসী তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।রাত নয়টার দিকে আরেক চেয়ারম্যান পদপ্রার্থী ইফতেয়ার হাসানের কর্মীরা বৈঠক শেষে টেম্পুতে করে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা কালীর গাছতলা ও চান্দের হাট এলাকায় তাঁদের ওপর হামলা চালায় এবং পিটিয়ে ও কুপিয়ে জখম করে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ ও কনস্টেবল আবুল হোসেন আহত হন। এ ছাড়া পৃথক দুটি হামলার ঘটনায় দুই পক্ষের ৩০ জন আহত হন।টিপুর দাবি, ইফতেয়ার হাসান স্বপনের লোকজন এ হামলা চালিয়েছেন। হামলাকারীরা তাঁর পাঁচ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে।তবে ইফতেয়ার হাসান স্বপন এ দাবি অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, টিপুর লোকজন তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এতে তাঁর ২৫ কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।