ভোলায় ফের সংঘর্ষ, দুই পক্ষের আটজন আহত, পুলিশ বদলি
ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমোহন উপজেলার ধলিগৌরনগরের দালালবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে।গত বৃহস্পতিবার সংঘর্ষে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমসহ উভয় দলের অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছিলেন। এ ঘটনার পর গতকাল দুই থানার আট পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁরা হলেন লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর, সুলতান আহম্মদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক, নুরুল ইসলাম, চান মিয়া ও বায়েজিদ এবং তজুমদ্দিন থানার এসআই সুলতান মাহমুদ ও নুরে আলম। অবশ্য লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ও তজুমদ্দিন থানার ওসি খান মোহাম্মদ এরফান প্রথম আলোকে বলেন, এঁদের বদলির সঙ্গে ওই সংঘর্ষের সম্পর্ক নেই। এটা নিয়মিত বদলি। গতকাল সন্ধ্যার সংঘর্ষের প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দালালবাজারে জনসংযোগ করতে গেলে বিএনপির কর্মীরা মিছিল বের করেন। একই এলাকায় তখন আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী গণসংযোগ করছিলেন। বিএনপির কর্মীদের মিছিল শুরু হওয়ার পর আওয়ামী লীগের কর্মীরা পাল্টা মিছিল বের করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ একে অন্যের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে দুই প্রার্থীর লোকজন দাবি করেছেন। তবে তাঁরা চারজনের নাম বলতে পেরেছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, আহতের সংখ্যা আটজনের মতো হবে।সংঘর্ষ শুরু হলে হাফিজউদ্দিন আহমেদ গাড়িতে করে এলাকা ছেড়ে চলে যান। হাফিজউদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি জনসংযোগ শেষ করে যখন চলে আসছিলেন, তখন তাঁর গাড়িবহরের ওপর আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। তাদের ইটপাটকেলে গাড়ি দুটির কাচ ভেঙে যায় এবং তাঁর সঙ্গে যাওয়া তিন কর্মী আহত হন।এদিকে ফারজানা চৌধুরী অভিযোগ করেন, সাড়ে সাতটার দিকে জনসংযোগ সেরে তিনি যখন গাড়িতে উঠছিলেন, তখন বিএনপির প্রার্থী একটি জিপ, তিনটি মাইক্রোবাস ও ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে দালালবাজারে ঢোকেন। এ সময় বিএনপির কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করে ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে আওয়ামী লীগের অনেক কর্মী আহত হন।হাফিজউদ্দিন আহমেদ গুলি করার অভিযোগকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন। স্থানীয় সূত্রগুলো থেকেও গুলি করার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে যাওয়া পুলিশের কর্মকর্তা তাঁকে জানিয়েছেন, দালালবাজারে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর স্ত্রীর পূর্বনির্ধারিত জনসংযোগের কর্মসূচি ছিল। তিনি জনসংযোগ সেরে দালালবাজার থেকে মঙ্গল সিকদার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় হাফিজউদ্দিন দালালবাজারে জনসংযোগ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে।এর আগে গতকাল সকাল ১০টার দিকে লালমোহন বাজারের ওয়েস্টার্ন পাড়ার ডাকবাংলোর সামনে শাহাবুদ্দিন নামের বিএনপির এক সমর্থককে পিটিয়েছে আওয়ামী লীগের কয়েকজন কর্মী। শাহাবুদ্দিন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কর্মী ভুট্টো, নূরু ও আরও কয়েকজন তাঁর ওপর হামলা করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বাঞ্ছারামপুর গ্রামে মো. জামাল নামের আওয়ামী লীগের এক সমর্থককে পিটিয়েছে বিএনপির সমর্থকেরা।