ভোলায় বাসশ্রমিক-কলেজছাত্র সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ভোলা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মমিন (১২) নামে এক বাসশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৬১ জন আহত হয়েছে। এ সময় ছাত্ররা ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছে বলে বাস মালিক সমিতি দাবি করেছে। আজ রোববার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বাসের মালিক-শ্রমিকেরা শেষ খবর পাওয়া পর্যন্ত ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা সরকারি কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র রিয়াজ উদ্দিন বাসে অর্ধেক ভাড়া দেওয়ায় বাসশ্রমিকেরা তাঁকে চড় মারে এবং তাঁর শার্ট ছিঁড়ে ফেলে। এ ঘটনা শুনে বেলা দুইটার দিকে ওই কলেজের ছাত্ররা ‘ছাত্রদের ২৪ ঘণ্টা হাফ ভাড়া করতে হবে’ দাবিতে শহরের পিটিআই বাসস্ট্যান্ডে এসে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখেন। পরে এ ব্যাপারে বাস মালিক সমিতির একটি কক্ষে ছাত্র, পুলিশ ও বাস মালিক সমিতির নেতারা বৈঠকে বসেন। বৈঠকে ছাত্ররা ২৪ ঘণ্টা অর্ধেক ভাড়ার দাবি জানালে বাসশ্রমিকেরা রড, লাঠি ও বাঁশ নিয়ে ছাত্রদের ওপর হামলা চালান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ১২টি বাসে ভাঙচুর এবং দুটিতে আগুন ধরিয়ে দেন। এতে একজন বাসশ্রমিক নিহত হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য এবং যাত্রীসহ অন্তত ৬১ জন আহত হয়েছেন। পুলিশ বাসশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর প্রতিবাদে বাস মালিক-শ্রমিকেরা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছেন।বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘ছাত্রদের দাবি মেনে নিলেও তাঁরা আমাদের ১২টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এবং ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।’ ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার প্রথম আলো ডটকমকে বলেন, ৯০ টাকা বাস ভাড়ার বদলে ৬০ টাকা ভাড়া দেওয়ায় রিয়াজকে পিটিয়ে বাসশ্রমিকেরা জামা-কাপড় ছিঁড়ে ফেলেছেন। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা শান্তিপূর্ণ অবরোধ করে সমঝোতা বৈঠকে বসেন। কিন্তু বাসশ্রমিকেরা ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন। এখন তাঁরা নিরীহ ছাত্রদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে চাইছেন।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী প্রথম আলো ডটকমকে বলেন, সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।