ভোলায় যাত্রীবাহী বাস পুকুরে, দুজনের লাশ উদ্ধার
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বটতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন হালিমা বেগম (৪০) ও ইমরান হোসেন (২৪)। দুর্ঘটনায় ইমরান হোসেনের স্ত্রী রুমা (১৮) গুরুতর আহত হয়েছেন। আহত যাত্রীদের ভোলা, বোরহানউদ্দিন ও লালমোহনের হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, চরফ্যাশন রুটের চট্টগ্রামগামী শতাব্দী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন বলেছেন, বাসটির ভেতরে আরও অনেক যাত্রীর লাশ থাকতে পারে। উদ্ধারকাজ ধীরগতিতে চলছে বলে তাঁরা দাবি করেন।এদিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, বাস তোলার জন্য দমকল কর্মীরা সেচকাজ চালাচ্ছেন। এ ছাড়া বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাস ফিল্ড থেকে বাসটি তোলার জন্য ক্রেন আনার কাজ চলছে।দুর্ঘটনার পর ভোলার চরফ্যাশন রুটে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।