ভোলায় র্যাব ও জলদস্যুর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ভোলা চরফ্যাশনে র্যাব ও জলদস্যুদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাবুল বাহিনীর প্রধান নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বরিশালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।র্যাব-৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম মোর্শেদ প্রথম আলো অনলাইনকে বলেন, জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় র্যাবের সদস্যরা গত কয়েক দিন মেঘনা সাগর মোহনায় টহল দিচ্ছেন। আজ বেলা সাড়ে নয়টার দিকে টহল দলটি মনপুরা ও চরফ্যাশন উপজেলার দক্ষিণপূর্বে মোহনার ভাসানচরে জলদস্যুদের উপস্থিতি টের পায়। এ সময় জলদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।একপর্যায়ে জলদস্যুরা পিছু হটতে বাধ্য হয়। পরে জঙ্গল থেকে র্যাবের সদস্যরা কালকীনি চরের জলদস্যু বাবুল বাহিনীর প্রধান বাবুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন। স্থানীয় জেলেরা বাবুলের লাশ শনাক্ত করেন।র্যাব এ সময় একটি একনলা বন্দুক, দুটি দেশি বন্দুক, একটি রাইফেল ও একটি টু টু বোর পিস্তলসহ একাধিক তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।