ভোলা কবি মোজাম্মেল হক টাউন হল চত্বরে ২১ থেকে ২৩ জানুয়ারি পালিত হলো শিশু আনন্দ মেলা। মেলার আয়োজন করেছে ভোলা জেলা তথ্য অফিস ও বাংলাদেশ শিশু একাডেমী। ভোলা সদর উপজেলায় দুই শতাধিক স্কুল থাকলেও শিশু মেলায় মাত্র নয়টি স্কুলের স্টল বসেছে। এগুলোর মধ্যে প্রথম করা হয়েছে মাত্র একটি। দ্বিতীয় ও তৃতীয় কাউকে করা হয়নি। স্কুলের প্রধানদের অভিযোগ, অনুষ্ঠানের আগের দিন দাওয়াতের কার্ডের সঙ্গে প্রতিযোগী ও অংশগ্রহণকারীদের চিঠি দেওয়া হয়েছে। এ কারণে অনেক স্কুল প্রস্তুতি নিতে পারেনি। একই অভিযোগ করে ভোলার শিশু নাট্যদল। শিশু নাটক প্রতিযোগিতায় ভোলায় ১২টি দল থাকলেও প্রতিযোগিতায় অংশ নিয়েছে মাত্র তিনটি দল। দলগুলো হলো ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দুটি নাটকের দল ও স্বপ্নিল শিশু সংগঠন। ভোর হলো শিশু থিয়েটারের সাধারণ সম্পাদক নাসির লিটন বলেন, ‘অনুষ্ঠানের এক দিন আগে চিঠি দেওয়া হয়েছে। মাত্র এক দিনের প্রস্তুতিতে কোনো নাটকের প্রতিযোগিতায় অংশ নেওয়া যায় না। এ জন্য অনেক সংগঠন নাটকে অংশ নেয়নি।’জেলা শিশু একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, ‘সময়-সুযোগের অভাবে অনেক ঘাটতি রয়েছে।’