ভোলায় শ্যাওলাযুক্ত স্যালাইন বিক্রির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় স্যালাইনের মধ্যে শ্যাওলা পাওয়ায় দুই ব্যবসায়ীকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করেন। এই দুই ব্যবসায়ী হলেন অর্ণব মেডিকেল হলের পরিচালক নীরব মিয়া ও রামদাসপুর মেডিকেল হলের পরিচালক মো. মাসুদ।ভোলা সদর হাসপাতাল ও হাসপাতালে ভর্তি হওয়া এক আহত ব্যক্তির আত্মীয় জানান, গতকাল সকাল ১০টার দিকে অটোরিকশায় চাপা পড়ে রাসেল (৮) নামের এক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক একটি স্যালাইনসহ বেশ কিছু ওষুধ বাইরে থেকে কিনে আনতে বলেন। রাসেলের অভিভাবক মনিরুল ইসলাম ওষুধগুলো কিনে আনার পর কর্তব্যরত সেবিকা স্যালাইনটির মধ্যে ব্যাপক শ্যাওলা দেখতে পান। অথচ স্যালাইনের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ চলতি বছরের অক্টোবর পর্যন্ত উল্লেখ করা ছিল। আবাসিক চিকিত্সা কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সেবিকা বিষয়টি জানানোর পর ওই স্যালাইনটি রোগীকে দেওয়া হয়নি। কিন্তু এ স্যালাইনটিকে নষ্ট বা মেয়াদোত্তীর্ণ বলার জন্য পরীক্ষাগারের সনদ দরকার। এ ঘটনা জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম হাসপাতালের সামনের ওষুধের দোকানগুলোতে সন্ধ্যায় অভিযান চালান। এ সময় শ্যাওলাযুক্ত স্যালাইন বিক্রির অভিযোগে ওই দুজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানগুলোতে অবহেলা ও অযত্নে ওষুধ বিক্রি না করতে তাঁদের হুঁশিয়ার করে দেন।