ভোলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির আদেশ
ভোলার লালমোহনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। ফাঁসির দণ্ড পাওয়া ব্যক্তিটির নাম মো. মামুন।মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মো. মামুনের সঙ্গে একই ইউনিয়নের রুনু বেগমের বিয়ে হয়। রুনু বেগম একটি কন্যাসন্তানের মা হওয়ার পর থেকেই যৌতুকের জন্য স্বামী তাঁর ওপর অমানবিক নির্যাতন চালান। মামুন একপর্যায়ে আরও দুটি বিয়ে করেন।২০০৬ সালের ৩০ জুন রাত নয়টার সময় মামুন রুনু বেগমকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা করেন। কিন্তু রুনু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে এমন প্রচার চালাতে থাকেন মামুন। এ ঘটনায় পরের দিন রুনুর ভাই জসিম উদ্দিন বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন।মামলায় মো. মামুন, তাঁর তৃতীয় স্ত্রী রাসেদা বেগম, শ্বশুর আবুল কালাম, ও শাশুড়ি হাসনা বানুকে আসামি করা হয়।দীর্ঘ পাঁচ বছর পর ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রঞ্জন কুমার সাহা মামুনকে ফাঁসির আদেশ দিয়ে বাকিদের বেকসুর খালাস বলে ঘোষণা দেন।