ভোলায় হরতালে পুলিশের লাঠিপেটায় আহত ১০, আটক ৩
ভোলায় বিএনপির ডাকা হরতাল চলাকালে পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের ১০জন আহত হয়েছেন। আটক করা হয়েছে তিনজনকে। তবে হরতাল পালনে চারদলীয় জোটের অন্য শরিকদের দেখা যায়নি। সরেজমিনে ঘুরে আমাদের এই প্রতিনিধি জানান, ভোলা শহরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের নেতৃত্বে পিকেটিং ও বিক্ষোভ হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা শহরে দফায়-দফায় বিক্ষোভ মিছিল করেন। বেলা সোয়া ১১টায় শহরের বাংলা স্কুল মোড়ে পিকেটারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে, ভোর থেকে পিকেটাররা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দোকানপাট ও গাড়ি চলাচল বন্ধ করে দিলেও দুপুরের পর থেকে সব রুটে ও শহরে গাড়ি চলাচল করতে দেখা যায়। তবে দোকানপাট বন্ধ ছিল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ জানান, পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের কর্মী মোর্শেদ, নুরনবী, মাহবুব, কামাল, রফিকসহ ১০জন আহত হয়েছেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান শেখ জানান, বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার সময় বিএনপির তিনজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।