ভোলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ কম হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতে বীজতলা নষ্ট হওয়া, খাল ভরাট ও বীজ-চারার সংকটের কারণে এ বছর ভোলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে।ভোলা জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এ বছর বীজতলা হয়েছে চার হাজার ১১২ হেক্টর। এ বীজতলায় ঠিকমতো বীজ-চারা হলে ৬৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ সম্ভব হতো।সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার কৃষক আবদুর রশিদ (৫৬) জানান, তিনি এ বছর মাত্র ৮০ শতাংশ জমিতে বোরো চাষ করেছেন। অথচ গত দু’বছর তিন একর ২০ শতাংশ জমিতে বোরো আবাদ করেছিলেন। বীজ-চারার সংকটে তিনি বাকি জমিতে বোরো আবাদ করতে পারেননি। দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের কৃষক মো. লুত্ফুর রহমান পাটওয়ারী জানান, এবার সেচ দিয়েও তিনি ভালো চারা তৈরি করতে পারেননি। শীতে চারা লাল হয়ে গেছে। বিগত সময়ে তাঁরা সাধারণত এক কানি জমিতে (১ একর ৬০ শতাংশ) ৩০ কেজি ধানের বীজ-চারা ব্যবহার করতেন। কিন্তু চারা নষ্ট হয়ে যাওয়ায় এখন ৩৫ কেজিরও বেশি লাগছে।সদর উপজেলার কাচিয়া বারাইপুর গ্রামের আবুল কাশেম (৪৬) ও আইয়ুব আলী (৭০) জানান, খাল ভরাট হওয়া, শীতে বীজতলা নষ্টসহ বীজ-চারা সংকটের কারণে এ বছর এ অঞ্চলে কমপক্ষে ৪০টি পাম্প কম বসেছে (একটি পাম্পে প্রায় ১০ হেক্টর জমিতে সেচ দেওয়া যায়)। ফলে ওই গ্রামে ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে না।ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ‘সদর উপজেলায় গত বছর ১১ হাজার ২০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। কিন্তু এ বছর যে অবস্থা তাতে কমপক্ষে ১ হাজার হেক্টর কম জমিতে বোরোর আবাদ হবে। গত বছর কৃষকেরা বোরো চাষে লোকসানের শিকার হয়েছেন, এ ছাড়া শীতে বীজতলা ক্ষতিগ্রস্ত ও খাল ভরাট হওয়ায় অনেক এলাকায় বোরোর আবাদ ব্যাহত হচ্ছে।’দৌলতখান উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা বাবুল বিশ্বাস বলেন, ‘দৌলতখানে শীতের কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ ভাগ কম জমি আবাদ হতে পারে।’জেলা কৃষি কর্মকর্তা আফসার আলী খান প্রথম আলোকে বলেন, ‘শীতের কারণে বীজতলা খুব কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধানের দাম কম থাকার কারণে ৫০ ভাগ কৃষক বোরো আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। যখন দেখলেন ধানের দাম বাড়ছে এবং সরকার ডিজেলে ভর্তুকি দেবে, তখন কৃষক বোরো চাষে আবার উৎসাহী হয়ে উঠলেন। এর জন্য বীজ-চারা সংকট দেখা দিয়েছে। যদি কোনোভাবে তারা বীজ-চারা সংগ্রহ করতে না পারেন, তবে ১৫ ভাগ আবাদ কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খালে পানি না থাকলে অনাবাদি বোরো খেতের পরিমাণ আরও বাড়তে পারে।