ভৌগোলিক সংহতির প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ ভৌগোলিক ও মানসিকভাবে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে একীভূত না হতে পেরে সব সময়ই মনঃকষ্টে ছিল। তাই যৌক্তিকভাবেই যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিটি তাদের প্রাণের দাবি হিসেবে উঠে আসে। এই দাবি প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি পায় ১৯৬৬ সালের ১১ জুলাই, যখন তদানীন্তন প্রাদেশিক পরিষদে যমুনা নদীর ওপর রেলসেতু নির্মাণের সর্বসম্মত সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হয়। ১৯৭০ সালের নির্বাচনে যমুনা সেতুর বিষয়টি প্রথম জাতীয় পর্যায়ে ইস্যু হিসেবে প্রাধান্য পায়। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ দখলদারমুক্ত হওয়ার পর এই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে সরকার সক্রিয় উদ্যোগ নেয়। সিরাজগঞ্জের এক জনসভায় যোগাযোগমন্ত্রী মনসুর আলীকে যেকোনোভাবে অর্থ সংগ্রহ করে যমুনা সেতু নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বঙ্গবন্ধু নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সরকারি অনুরোধের পরিপ্রেক্ষিতে জাপান সরকারের অর্থায়নে ‘জাইকা’ যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের একটি প্রকল্প গ্রহণ করে। ১৯৭৩ সালের ১৮-২৪ অক্টোবর জাপানে রাষ্ট্রীয় সফরকালে বঙ্গবন্ধু একাধিকবার এই প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করে এ ব্যাপারে জাপান সরকারের সাহায্যের অনুরোধ করায় বিষয়টি দুই দেশের যৌথ ঘোষণায় অন্তর্ভুক্ত হয়। ১৯৮২-৮৪ সময়কালে উত্তর-পশ্চিমাঞ্চলে গ্যাস লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পাকশী ও ভৈরব রেলসেতুর কনসালট্যান্ট যুক্তরাজ্যের রেন্ডলপামার অ্যান্ড ট্রিটন, একই দেশের পেনকল ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস এবং দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কনসালট্যান্টসকে (বিসিএল) সরকার বিদেশি অর্থায়নে নিয়োগ করে। পরামর্শকদের পরামর্শমতো প্রকল্প তৈরি করে তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য ১৯৮৫ সালে অধ্যাদেশবলে তিনি ‘যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ’ স্থাপন করেন। একই সঙ্গে এই সেতু নির্মাণের জন্য স্থানীয়ভাবে অর্থ সংগ্রহের উদ্যোগ হিসেবে বিভিন্ন কর, শুল্ক ও লেভি আদায়ের ব্যাপক ব্যবস্থা চালু করা হয়। এতে মোট ৫০৮ কোটি টাকা সংগৃহীত হয়েছিল, যা এই প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সরকারের প্রত্যয় ও জনগণের সুদৃঢ় অবস্থানের পরিচায়ক ছিল। বাংলাদেশে শুধু নয়, পৃথিবীতে এ ধরনের প্রকল্পভিত্তিক রাজস্ব আহরণের নজির খুবই কম। প্রকল্পের মোট ব্যয় ৯৬০ মিলিয়ন ডলারের অধিক হওয়ায় সরকারকে এ জন্য দাতাদের সাহায্য চাইতে হয়। ১৯৯১ সালে ক্ষমতা গ্রহণের পর খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার অর্থসংগ্রহ কার্যক্রম জোরদার করে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপান সরকারকে তারা সহজ শর্তে ২০০ মিলিয়ন ডলার করে মোট ৬০০ মিলিয়ন ডলার দীর্ঘমেয়াদি ঋণ দিতে সম্মত করায়।অর্থ সংগ্রহের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের জন্য অন্যান্য কার্যক্রমকেও এগিয়ে নিয়ে যাওয়া হয়। কারিগরি বিষয়াদি চূড়ান্ত করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে ১৯৯৪ সালের ১৫ অক্টোবর ভূঞাপুরে এই প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯৯৬ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের অল্প দিন পরই সরকারপ্রধান সরেজমিনে এই প্রকল্প পরিদর্শনে যান। তিনি তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়নে তার সরকারের অগ্রাধিকারের কথা সুস্পষ্টভাবে ঘোষণা করেন। সরকারপ্রধানের সদিচ্ছা ও দৃঢ়তার কারণে নানা অসুবিধা কাটিয়ে যমুনা সেতুর কাজ চূড়ান্ত করা সম্ভব হয় ১৯৯৮ সালের জুন মাসে। প্রাথমিকভাবে গ্যাস ও রেললাইন পৃথকভাবে সেতু চালু হওয়ার পর নির্মিত হবে বলা থাকলেও সরকার একই দিনে গ্যাস, রেললাইনসহ সেতু উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রকল্পটিতে একটি নতুন মাত্রা সন্নিবেশিত হয়। জ্বালানি মন্ত্রণালয় ও রেলওয়ে বিভাগ তাদের প্রকল্প নিয়ে এগিয়ে আসে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই দুই প্রকল্পের কাজও দ্রুতগতিতে বাস্তবায়ন করা হয়। সেতু উদ্বোধনের কয়েক দিন আগে সংসদে সিদ্ধান্ত প্রস্তাবে সেতুর নাম জাতির পিতার নামে ‘বঙ্গবন্ধু সেতু’ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। জাতির অনেক আশা-আকাঙ্ক্ষার প্রতীক, উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের বাস্তব রূপ ‘বঙ্গবন্ধু সেতু’ ১৯৯৮ সালের ২৩ জুন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এর মাধ্যমে বিচ্ছিন্ন ও দুর্গম উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দুঃখের অবসান হয় এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের একটি নতুন যুগের সূচনা হয়। ‘বঙ্গবন্ধু সেতু’র উদ্বোধন দেশের উন্নয়ন-ইতিহাসের একটি উল্লেখযোগ্য মাইলফলক। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলকে ভৌগোলিক সংযুক্তি দেওয়ার পাশাপাশি ‘পৃথিবীর সর্ববৃহৎ পল্লী উন্নয়ন প্রকল্পটি’ ওই অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতির সুযোগ সৃষ্টি করে দিয়েছে, যার সুফল সাধারণ মানুষের কাছে যাচ্ছে, এমন প্রমাণ বিভিন্ন গবেষণায়ও পাওয়া যাচ্ছে। বঙ্গবন্ধু সেতু প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তা যেকোনো বড় প্রকল্প হাতে নিতে সরকারকে সাহসী করে তুলেছে। আব্দুল মুয়ীদ চৌধুরী, সাবেক নির্বাহী পরিচালক, যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ ও সচিব, যমুনা সেতু বিভাগ।