ভ্যাটের আওতা বাড়ল
নতুন বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা ব্যাপকভাবে বাড়ানোর প্রস্তাব করেছেন। তবে তিনি কিছু ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার ও আরও কিছু ক্ষেত্রে ভ্যাট সংকুচিত হারে নামিয়ে আনারও প্রস্তাব দিয়েছেন।অর্থমন্ত্রী ভ্যাট-ব্যবস্থাকে স্বয়ংক্রিয় (ডিজিটাইজ) করার লক্ষ্যে অনলাইনে মূসক নিবন্ধন এবং দাখিলপত্র জমার পদ্ধতি প্রবর্তনেরও প্রস্তাব করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট প্রস্তাবে বলেছেন, এ কাজে একটি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করা হবে।আবুল মাল আবদুল মুহিত বর্তমান ভ্যাট আইনের অধীনে অর্থদণ্ড ঠিকমতো আরোপ করতে ‘অপরাধী আইন সংশোধন আইন, ১৯৫৮’-এর আওতায় নিয়োগ করা বিশেষ জজ আদালতে বিচারিক কার্যক্রম সম্পন্ন করার বিধান সংযোজনের প্রস্তাব করেন। তবে এই ট্রাইব্যুনালের রায়ে সংক্ষুব্ধ করদাতা উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ পাবেন।করদাতার প্রদত্ত তথ্যের গোপনীয়তা রক্ষার কোনো বিধান বর্তমান মূল্য সংযোজন কর আইনে নেই। করদাতাদের দীর্ঘদিনের দাবির কারণে অর্থমন্ত্রী গোপনীয়তা রক্ষার বিধান আইনে যুক্ত করার প্রস্তাব দেন। ভ্যাট-ব্যবস্থাকে আধুনিক করতে ‘মূল্য ঘোষণা’ পদ্ধতি এবং বিভিন্ন উপায়ে কর পরিশোধের সুবিধা দিতে প্রয়োজনীয় আইন সংশোধনের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে তিনি ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে সেবার আমদানিকে ভ্যাটের আওতাভুক্ত করার প্রস্তাব দেন।বাজেটে সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিলামের মাধ্যমে যেকোনো সেবা বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে উেস ভ্যাট কাটার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি কিছু সেবা খাতে ভ্যাট প্রত্যাহার এবং কিছু ক্ষেত্রে অব্যাহতি বহাল রাখারও প্রস্তাব দেন।ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০০৪ সাল থেকে ন্যূনতম হারে মূসক পরিশোধের সুযোগ দেওয়া হয়। এবার অর্থমন্ত্রী ন্যূনতম মূসক পুনর্নির্ধারণের প্রস্তাব করেন। তবে তিনি দেশে ভারী শিল্প স্থাপন এবং বিকাশের লক্ষ্যে রেফ্রিজারেটর, ফ্রিজার, মোটরসাইকেল, পূর্ণাঙ্গ এনার্জি সেভিং বাল্ব ও এর কাঁচামাল উত্পাদনকারী প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য মূসক থেকে অব্যাহতির প্রস্তাব করেন।হাতে তৈরি বিস্কুট ও কেক (উত্পাদন পর্যায়ে), প্রাকৃতিক রাবার ও জরি (আমদানি ও উত্পাদন পর্যায়ে), সিলভার বুলিয়ান ও গোল্ড বুলিয়ান (আমদানি পর্যায়ে), বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সামাজিক ও খেলাধুলাবিষয়ক ক্লাবের (সেবা পর্যায়ে) ওপর বিদ্যমান মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।আবার বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও স্থাপনা ভাড়া গ্রহণকারী, স্টক ও সিকিউরিটিজ ব্রোকার, সামাজিক ও খেলাধুলাবিষয়ক ক্লাব, ট্যুর অপারেটর, নিজস্ব ব্র্যান্ডসংবলিত তৈরি পোশাক বিপণন কেন্দ্র ইত্যাদিকে ভ্যাটের আওতায় আনা হয়েছে।চানাচুর, জুস, এনার্জি ড্রিংক, সব ধরনের সিগারেট, বিড়ি, গুল, জর্দা ও এমএস প্রোডাক্টকে কুটিরশিল্পের আওতা থেকে বের করতে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।আবার ডকইয়ার্ড, বিজ্ঞাপনী সংস্থা, ছাপাখানা, কুরিয়ার সার্ভিস, কনসালটেন্সি ও সুপারভাইজরি ফার্ম, অডিট ও অ্যাকাউন্টিং ফার্ম, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ও ইনটেরিয়র ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, পিকনিক ও শুটিং স্পট, এমিউজমেন্ট পার্ক ও থিম পার্ক এবং রেস্তোরাঁর (শীতাতপ নিয়ন্ত্রিত) ক্ষেত্রে সংকুচিত ভিত্তিমূল্য প্রত্যাহার করে প্রকৃত হারে মূসক বসানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে প্রকৃত মূল্য সংযোজনের পরিমাণের ভিত্তিতে ব্যবসায়ী ও বাণিজ্যিক আমদানিকারক পর্যায়ে ৩ শতাংশ, নির্মাণ সংস্থা খাতে ৫ দশমিক ৫ শতাংশ, আসবাব উত্পাদন পর্যায়ে ৬ শতাংশ ও বিপণন পর্যায়ে ৩ শতাংশ এবং যোগানদার খাতে ৪ শতাংশ হারে মূসক নির্ধারণের প্রস্তাব করেন তিনি।অন্যদিকে নারকেল তেল, ফলের জ্যাম ও জেলি, ফলের রস, ওষুধ, পেইন্টস, প্রসাধন সামগ্রী, সাবান, দেশলাই, মশার কয়েল, পিভিসি পাইপ, জুতা, স্যান্ডেল, ইট, সিরামিক এবং পোরসিলিনের তৈরি পণ্য, এমএস প্রোডাক্ট, বৈদ্যুতিক পাখা, ড্রাইসেল ব্যাটারি ও স্টোরেজ ব্যাটারি, বৈদ্যুতিক বাল্ব এবং রাবার ও প্লাস্টিক ফোমের ওপর স্থানীয় উত্পাদন পর্যায়ে এবং ইনডেন্টিং সংস্থা, কমিউনিটি সেন্টার, অনুষ্ঠান আয়োজক, মানবসম্পদ সরবরাহ ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারীর ওপর সেবা প্রদান পর্যায়ে বার্ষিক লেনদেন মূল্য সংযোজন করের আওতায় আনার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।নিউজপ্রিন্ট উত্পাদনকারী শিল্পের মৌলিক কাঁচামালের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা ২০১১ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেন তিনি।ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে সহায়তা দিতে বর্তমানে বার্ষিক ৪০ লাখ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ৪ শতাংশ হারে কর প্রদানের সুবিধা দেওয়া হয়ে থাকে। অর্থমন্ত্রী ৬০ লাখ টাকা পর্যন্ত এই হারে কর প্রদানের প্রস্তাব করেন।ভুট্টার তৈরি সুজি, ট্রাভেল এজেন্সি, জনশক্তি রপ্তানি এবং অপেক্ষাকৃত স্বল্প আয়ের মানুষের ব্যবহার্য প্লাস্টিক ও রবারের হাওয়াই চপ্পল, প্লাস্টিকের পাদুকা, যার প্রতি জোড়ার দাম ৮০ টাকার কম, তার ওপর থেকে প্রযোজ্য ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। অন্যদিকে জনস্বাস্থ্য সংরক্ষণের জন্য সিগারেট খাতে মূল্য বৃদ্ধি করে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে জর্দা ও গুলের ওপর মূসক আরোপ করা হয়েছে। অনুজ্জ্বল সিরামিক প্রস্তর, টাইলস ও মোজাইক, উজ্জ্বল সিরামিক প্রস্তর, টাইলস ও মোজাইক, সিরামিকের বাথটাব ও জিকুজি, সিঙ্ক, বেসিন, কমোড ও বাথরুমের অন্যান্য ফিটিংস ও শ্যাম্পুর ওপর সম্পূরক শুল্কের হার বৃদ্ধি এবং অ্যালুমিনিয়াম প্রোফাইল, জুস ও ফ্রুট ড্রিংক, পার্টিকেল বোর্ড ও লেমিনেটিং বোর্ড, সাধারণ বৈদ্যুতিক (ফিলামেন্ট) বাল্ব, মিনারেল ওয়াটার (তিন লিটার পর্যন্ত), পেইন্টসের ওপর সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।