ভ্যান চালিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর ধরে ভ্যান চালিয়ে উপার্জন করে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের যাবতীয় ব্যয়ভার নির্বাহ করে চলেছেন অনার্স পড়ুয়া কলেজছাত্র শহীদুল ইসলাম (২১)। ভ্যান চালানোর উপার্জন দিয়ে তিন বোনকে তিনি বিয়েও দিয়েছেন।যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের মৃত জোহর আলীর ছেলে শহীদুল ইসলাম। মেধাবী ছাত্র শহীদুলের ইচ্ছা ছিল চিকিৎসক হয়ে এলাকার মানুষের সেবা করবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হরিশপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পাওয়ার পর তাঁর আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। কিন্তু তাঁর সব আশা ভেঙে যায় ২০০০ সালে, যখন তাঁর বাবা মারা যান। শহীদুল তখন অষ্টম শ্রেণীর ছাত্র। বাবার মৃত্যুর পর পাঁচ ভাই- বোনের সংসারের দায়িত্ব পড়ে তাঁর ওপর। তাঁর মা ছিলেন অসুস্থ। তিনিও কোনো কাজ করতে পারতেন না। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় দিনমজুরের কাজ করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ জোগাড় করতে শুরু করেন নিরুপায় শহীদুল। কিন্তু অন্যের খেতে দিনমজুরের কাজ করে তাঁর সংসার চালানো দুরূহ হয়ে পড়লে তিনি ভ্যান চালানো শুরু করেন। এভাবে ভ্যান চালিয়ে রোজগার করে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারও চালাচ্ছেন তিনি। বর্তমানে তিনি খুলনার সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজে (বিএল কলেজ) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ভ্যান চালিয়ে পড়াশোনা করে তিনি কোদলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.২৫ এবং ২০০৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.৬০ পেয়ে উত্তীর্ণ হন। ভ্যান চালিয়ে তিনি তাঁর ছোট তিন বোন রশিদা বেগমা, লতিফা বেগম ও নাদিরা বেগমকে বিয়ে দিয়েছেন। ছোট বোন আর্শিদা বেগম পড়ে চতুর্থ শ্রেণীতে।শহীদুল বলেন, ‘সপ্তায় পাঁচ দিন ভ্যান চালাই। দুই দিন কলেজে যাই। কলেজ বন্ধ থাকলে সারা দিন ভ্যান চালাই। মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন মানুষ আগের মতো আর ভ্যানে উঠতে চায় না। বাধ্য হয়ে কাঠ বইতে হয়। আয়ও কমে গেছে। ভ্যান চালানোর সামান্য আয় দিয়ে সংসার ঠিতমতো চলে না।’শহীদুলের মা মীরজাহান বেগমও (৪৬) মাঝেমধ্যে দিনমজুরের কাজ করেন। তিনি বলেন, ‘প্রথমে ভাড়া করে ভ্যান চালাত শহীদুল। পরে গ্রামের সমিতি থেকে দুই হাজার টাকা কিস্তিতে নিয়ে একটি ভ্যান কেনে সে। কিস্তির টাকা সে পরিশোধ করেছে।’