মন্ত্রণালয়ের কাছে পাওনা প্রায় ১৮ লাখ টাকা
ভ্রমণ ও দৈনিক ভাতা পাচ্ছেন না সুন্দরবন পূর্ব বিভাগের কর্মীরা
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস ২০০৩ সালের ১০ ডিসেম্বর চাকরিতে যোগদান করেছেন। সেই থেকে আজ পর্যন্ত তিনি সরকার নির্ধারিত ভ্রমণ ও দৈনিক ভাতা (টিএ-ডিএ) পাননি। এ বাবদ সরকারের কাছে তাঁর পাওনা হয়েছে তিন লক্ষাধিক টাকা। শরণখোলা রেঞ্জের মরা পশুর ক্যাম্প ইনচার্জ ফরেস্টার সিরাজুল ইসলাম প্রায় ৫০ হাজার টাকার ভ্রমণ ও দৈনিক ভাতা পাওনা হয়েছেন। টাকা না পাওয়ায় একপ্রকার হতাশ হয়েই তিনি ২০০৯ সালের জুলাই মাস থেকে ভ্রমণ ও দৈনিক ভাতার বিল জমা দেওয়া থেকে বিরত রয়েছেন। সুন্দরবন পূর্ব বিভাগের ৪৫৪ জন কর্মকর্তা-কর্মচারীর সবার অবস্থাই সিরাজুল ইসলাম ও বিপুল চন্দ্র দাসের মতো।সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত এই বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ভ্রমণ ও দৈনিক ভাতা বকেয়া পড়েছে মোট ১৫ লাখ ৮৬ হাজার টাকা। এ ছাড়া চলতি অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ চাওয়া হয়েছে ছয় লাখ টাকা। কিন্তু এর বিপরীতে সব মিলে মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র এক লাখ ৮০ হাজার টাকা। চাঁদপাই রেঞ্জের গোলপাতা কূপে কর্মরত ডেপুটি রেঞ্জার একরামুল হক বলেন, ‘আমার আগের কর্মস্থল ছিল পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। প্রায় দেড় বছর আগে সুন্দরবন বিভাগে বদলি হয়ে এসেছি। আজও সেই বদলিজনিত ভ্রমণ ও দৈনিক ভাতা পাইনি। তা ছাড়া প্রায় প্রতি মাসেই আমাকে চট্টগ্রামে বন মামলার সাক্ষ্য দিতে যেতে হয়। গত ফেব্রুয়ারি থেকে চলতি এপ্রিল মাস পর্যন্ত সাক্ষ্য দিতে মোট পাঁচবার রাঙামাটি যেতে হয়েছে। প্রতিবার অন্তত তিন হাজার টাকা করে খরচ হয়েছে। এভাবে বেতনের টাকা খরচ করে সাক্ষী দিতে যাওয়া-আসা করা দুরহ হয়ে পড়েছে।’সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক (সদর) মুহাম্মদ গোলাম কুদ্দুছ ভুঁইয়া জানান, এই বন বিভাগের আওতায় বাগেরহাট, পিরোজপুর, মঠবাড়িয়া (পিরোজপুর), দাকোপ (খুলনা) ও মাদারীপুরের আদালতে বন মামলাগুলো দায়ের করা হয়। এসব আদালতে এখন বন মামলার সংখ্যা ৩৭৫টি। এসব মামলায় সাক্ষ্য দিতে প্রতি মাসেই বন কর্মীদের সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে নিজ খরচে আদালতে যাওয়া-আসা করতে হয়।খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর বনজসম্পদ, মাছ ও পর্যটন খাত থেকে সুন্দরবন পূর্ব বিভাগ সরকারকে কয়েক কোটি টাকার রাজস্ব দিয়ে থাকে। বন বিভাগের হিসাব অনুযায়ী ২০০০ সালে সুন্দরবন পূর্ব বিভাগ প্রতিষ্ঠার পর ২০০১-০২ থেকে ২০০৮-০৯ পর্যন্ত আটটি অর্থবছরে সুন্দরবন থেকে মোট ২৮ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে বলেন, ‘সুন্দরবন পূর্ব বিভাগে কর্মরত ৪৫৪ জন কর্মকর্তা-কর্মচারীর প্রত্যেকেরই কিছু না কিছু ভ্রমণ ও দৈনিক ভাতা পাওনা আছে। আমার নিজেরও পাওনা রয়েছে প্রায় ৪০ হাজার টাকা। এ বিষয়ে বারবার মন্ত্রণালয়ে লেখা হচ্ছে।গত মার্চ মাস পর্যন্ত এ খাতে আমাদের পাওনা দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ টাকা। এর মধ্যে পাওয়া গেছে মাত্র এক লাখ ৮০ হাজার টাকা।’