ভ্রমরসভ্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারপর—পয়ার ছেড়ে, ঢুকে পড়লাম তর্কের অন্ধকারে। কে জানত, সেখানেও রয়ে গেছে ভ্রমরসভ্যতা! আরে, দু-তিনজন ক্রনিকল রাইটারও বসে আছেন দেখছি। আর ঠুঁটো জগন্নাথেরা হ্যালোজেন বাতি জ্বালাবার চেষ্টা করছে। সমাধান-সূত্র শরীরে লেখে ঘুরে বেড়াচ্ছে ঘোটক-ঘোটকীরা। তর্ক এক কাঠবেড়ালি-ভরা দ্বীপ। বাড়ি বলতে কিছু নাই—সবই মর্গ, জুয়াঘর কিংবা ফার্নেস। এক জবাসম্রাজ্ঞীর ইশারাগুলো এখানে কানুন। ভ্রমরসভ্যতার ভেতর এত যতিচিহ্ন যে হাঁটা মুশকিল। অর্ধ-পরিচিত মনোরোগিণী বালিতে লিখে চলেছেন, ‘প্রণয়-কুপিতা মূর্তি, ধরিতে চরণ দুটি তার...কামদেব, আজ তোমার চোখের কোণে এ কোন রক্তকবিত্ব! খগোলবিদ্যা আর পরিহাস, ঘুরি ফিরে এই নিয়ে ভাবি। টুপি থেকে খুলে ফেলছি পালক। ঘূর্ণমান জুয়াবোর্ডের পাশে এমনভাবে দাঁড়াও যেন আবছাভাবে তোমার ভয়াবহ নাভি দেখা যায়।