খাদ্যে ভেজাল প্রতিরোধ ভেজাল রোধ ও বেআইনিভাবে মূল্য বৃদ্ধি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখতে আদালতের নির্দেশ
খাদ্যে ভেজাল ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে দুই মাস ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের চাহিদামতো পুলিশ সদস্য দিতে নির্দেশ দিয়েছেন আদালত।এ ছাড়া ভেজাল মেশানোয় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।খাদ্যে ভেজাল রোধ ও বেআইনিভাবে মূল্য বৃদ্ধি প্রতিরোধে সরকারের গঠিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বন্দ্বের কারণে এই কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। এ ধরনের খবর পত্রিকায় প্রকাশিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত চালু রেখে খাদ্যে ভেজাল ও মূল্য বৃদ্ধি রোধের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চার আইনজীবী গতকাল হাইকোর্টে রিটটি করেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার মামলা পরিচালনা করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারিসহ আদেশ দেন।রুলে খাদ্যে ভেজাল রোধ ও বেআইনিভাবে মূল্য বৃদ্ধি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, বাণিজ্যসচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক ও পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।এদিকে আমাদের মিটফোর্ড প্রতিবেদক জানান, রমজান মাসকে সামনে রেখে ১০ আগস্ট থেকে চারটি ভেজালবিরোধী বিশেষ অভিযান শুরু করেছিল বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। কিন্তু একদিন অভিযান চলার পর ওজনে কারচুপির জন্য ভোজ্যতেল আটকের পর একজন মন্ত্রীর হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। যদিও জেলা প্রশাসক কার্যালয়ের ৯ আগস্টের এক বিজ্ঞপ্তিতে বলা ছিল ১০, ১১, ১২, ১৬, ১৭, ১৮, ১৯, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৯, ৩০, ৩১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।এ অভিযান শুরুর আগের দিন ৮ আগস্ট শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এক সংবাদ সম্মেলনে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ঘোষণা দিয়ে বলেছিলেন, ব্যবসায়ী বা জনমনে কোনো ধরনের ভীতি সঞ্চার বা উৎকণ্ঠা সৃষ্টির উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হবে না। রমজান মাসে জনস্বাস্থ্যের জন্য হানিকর নয়, এমন পণ্য সরবরাহে সহযোগিতা করা এবং ওজনে কারচুপি বন্ধ করাই এর মূল লক্ষ্য। রোজাদাররা যাতে ভেজাল ইফতারসামগ্রী গ্রহণের ফাঁদে না পড়েন, সে লক্ষ্যে রমজান মাসে খোলা ও নোংরা পরিবেশে ইফতার প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, খাদ্যে ভেজাল ও মূল্য বৃদ্ধি রোধে যাতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকে, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন আদালত। ফলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগের মতোই চলবে। এ কাজে চাহিদা অনুসারে সহযোগিতা করতে পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।