ভ্রাম্যমাণ আদালত নামাচ্ছে রাজউক
ঢাকা মহানগর এলাকায় স্থায়ী ভ্রাম্যমাণ আদালত নামাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মহানগর এলাকায় অননুমোদিত কোনো নির্মাণকাজ হয় কি না, জলাধার-জলাশয় দখল করে কেউ কোনো স্থাপনা করে কি না—এগুলো দেখবেন ভ্রাম্যমাণ আদালত।পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রেও এই আদালত কাজ করবেন। অননুমোদিত নির্মাণ, জলাধার দখল, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সংশ্লিষ্ট যেকোনো ক্ষেত্রে যাতে সঙ্গে সঙ্গে (অন দ্য স্পট) জেল-জরিমানা, গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়া যায়, সে জন্যই এই আদালত নামানো হচ্ছে। আগামী মাসে এই আদালত কাজ শুরু করতে পারেন। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, পরিকল্পিত মহানগর গড়তে এ ধরনের আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অবৈধ ও অননুমোদিত কাজের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।সরকারি সূত্র জানায়, রাজউকের এই আদালতের জন্য দুজন জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেটের নাম উল্লেখ করে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। তাঁদের এই কাজের জন্য প্রয়োজনীয় ক্ষমতাও দেওয়া হবে। আদালত গঠনসংক্রান্ত রাজউকের প্রস্তাবটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সুপারিশ করে কয়েক দিন আগে সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই আদালত নগরে কাজ শুরু করবেন।মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার অনুমোদিত ঢাকা মহানগর উন্নয়ন মহাপরিকল্পনার (ডিএমডিপি) অপরিহার্য অংশ হিসেবে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুমোদিত হওয়ায় এখন রাজউকের আওতাধীন এলাকা হচ্ছে ৫৯০ বর্গমাইল। এই মহানগরের সীমানা হচ্ছে উত্তরে গাজীপুর পৌরসভার উত্তর প্রান্ত, দক্ষিণে ধলেশ্বরী নদী, পশ্চিমে বংশী ও ধলেশ্বরী নদী, পূর্বে শীতলক্ষ্যা ও মেঘনা নদী এবং সোনারগাঁ থানার অংশবিশেষ। এই সমগ্র এলাকাই হবে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্ষেত্র।