ভ্রাম্যমাণ আদালত: প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড
বিএসটিআইর অনুমোদন (লাইসেন্স) ছাড়া পানি বিশুদ্ধকরণ ও বাজারজাত করার অভিযোগে আজ বুধবার একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা এবং সেই পানি বিক্রি অপরাধে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত আজ সকাল সাতটার দিকে ইস্কাটন গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে আশরাফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ফিল্টার করা প্রতি জার পানি ৮ থেকে ১০ টাকায় কিনে ২৫-৩০ টাকায় বিভিন্ন দোকান, অফিস ও অভিজাত এলাকায় বাসা-বাড়িতে সরবরাহ করে আসছিলেন।পরে আদালত আশরাফ হোসেনকে নিয়ে রাজারবাগ এলাকার ৫ আউটার সার্কুলার রোডের মিলগিরি পানি বিশুদ্ধকরণ কারখানায় অভিযান চালান। এ প্রতিষ্ঠান থেকে আশরাফ বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করে আসছিলেন। প্রতিষ্ঠানটি বিএসটিআইর অনুমোদন (লাইসেন্স) ছাড়া পানি বিশুদ্ধকরণ, বাজারজাতকরণ ও বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আদালত আশরাফ হোসেনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিএসটিআইর কর্মকর্তা ও র্যাব-২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।