ইভ টিজিং বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালত আইনে বাংলাদেশ দণ্ডবিধির ৫০৯ ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধারার প্রয়োগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধীকে ঘটনাস্থলে বিচার করে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা অনির্ধারিত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন।গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত আইনে ৯৩তম সংযোজনীতে দণ্ডবিধির এই ধারা সংযোজন করা হয়েছে। আইনের ১৫ ধারার ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংযোজন-সংবলিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা প্রকাশ করেছে।সরকারি সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দণ্ডবিধির ৫০৯ ধারা ভ্রাম্যমাণ আদালত আইনে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা সম্পর্কে আইন মন্ত্রণালয়ের কাছে মতামতের জন্য পাঠানো হয়। আইন মন্ত্রণালয় তাদের মতামতে জানায়, সরকার ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এ দণ্ডবিধির ৫০৯ ধারা অন্তর্ভুক্ত করতে পারে। ভ্রাম্যমাণ আদালত আইনের ১৫ ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে এ আইনে যেকোনো তফসিল, বিধি, ধারা অন্তর্ভুক্ত করতে পারবে।বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির অধীনে ৯২টি আইনের প্রয়োগ করতে পারেন। ভ্রাম্যমাণ আদালত আইনের মাধ্যমে তাঁরা এসব ক্ষমতা প্রয়োগ করে থাকেন। তবে তাঁরা কোনো মামলা নিতে পারেন না। সে ক্ষেত্রে বিচারিক ম্যাজিস্ট্রেটদের কাছে মামলা পাঠাতে হয়।জানতে চাইলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, দণ্ডবিধির ৫০৯ ধারা ভ্রাম্যমাণ আদালত আইনে অন্তর্ভুক্ত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যাঁরা এ ধরনের আদালত পরিচালনা করেন, তাঁরা ইভ টিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার নতুন করে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠালে আইন মন্ত্রণালয় আগের দেওয়া মতামত বহাল রাখে। এরপর এটি গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়। দণ্ডবিধির ৫০৯ ধারায় ইভ টিজিং অর্থে বলা হয়েছে, কোনো নারীর শালীনতার অমর্যাদার অভিপ্রায়ে কোনো মন্তব্য, অঙ্গভঙ্গি বা কোনো কাজকে বোঝাবে। কাজ অর্থ স্কুল-কলেজগামী মেয়েদের রাস্তাঘাটে দেখে শিস দেওয়া, গান গাওয়া, চোখ বাঁকা করে তাকানো, কোনো ব্যক্তি নারীর শালীনতায় অমর্যাদা করার অভিপ্রায়ে কোনো মন্তব্য করা, কোনো শব্দ বা অঙ্গভঙ্গি করা বা বস্তু প্রদর্শন করা এবং অনুরূপ মন্তব্য, শব্দ নারী শুনতে পায় বা বস্তু দেখতে পায় কিংবা কোনো নারীর নির্জনবাসে অনধিকার প্রবেশকেও ৫০৯ ধারায় অভিযোগ হিসেবে গণ্য হবে।