ভ্রাম্যমাণ আদালতের আওতায় আসছে ভিডিও পাইরেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি চলচ্চিত্র মুক্তির পরপরই ওই ছবির ভিডিও সিডি চলে যায় অসাধু একশ্রেণীর ব্যবসায়ীর কাছে।কীভাবে? গোপনে প্রেক্ষাগৃহ থেকে ছবিটির ভিডিও করা হয় এবং তা বাজারে ছেড়ে দেওয়া হয়।প্রযোজকের মাথায় বাজ পড়ে। যে টাকা লগ্নি করেন, তা আর উঠে আসে না। মালিকেরা আর বেশি টাকা দিয়ে ছবিটি তাঁদের প্রেক্ষাগৃহে নেন না। ফলে এ ব্যবসা ছেড়ে চলে গেছেন অনেক প্রযোজক। বছরে যেখানে ১০০টি ছবি হতো, এখন সেখানে হয় ৪০টি।পুরো বিষয়টি সরকারকে ভাবিয়ে তুলেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা একাধিক ব্যক্তিকে আটক করলেও তাঁরা বেরিয়ে যান আইনের মারপ্যাঁচে। ফলে থেমে নেই ভিডিও পাইরেসি। এ অবস্থায় সরকারের কাছে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পীরা ভ্রাম্যমাণ আদালতের আওতায় ভিডিও পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন। সর্বশেষ সংবাদে জানা গেছে, সরকার ভিডিও পাইরেসির বিরুদ্ধে অনমনীয় মনোভাব দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতের আওতায় দোষী ব্যক্তিদের বিচারের জন্য উদ্যোগ নিয়েছে। জানা গেছে, এ জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে। বর্তমানে কপিরাইট আইনের আওতায় ভিডিও পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘চলচ্চিত্রশিল্পের মানুষের অনেক দিনের দাবি ছিল যেন ভিডিও পাইরেসি বন্ধে সরকার ভ্রাম্যমাণ আদালতকে দায়িত্ব দেয়। আমরা বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়কে জানিয়েছি। সেখান থেকে এখন এটি চূড়ান্ত করা হবে।’চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যকরী পরিষদের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘র‌্যাবের সহযোগিতায় আমরা পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের কোণঠাসা করে রেখেছিলাম। অনেককে ধরাও হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতে যদি এখন বিষয়টি আসে, তাহলে তখন আর কেউ এটি যেমন কিনতে সাহস করবে না, তেমনি কেউ বিক্রিও করতে চাইবে না। কারণ, সঙ্গে সঙ্গে এর সাজা হয়ে যাবে।