ভ্রাম্যমাণ আদালতের আরও অভিযান, ১৪ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল মোকাবিলায় রাজধানীসহ সারা দেশে গতকালও ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে। এ অভিযানে ১৪ জনকে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে চারজন ঢাকায় এবং অন্যরা ঢাকার বাইরে। ঢাকায় চারজনকে হরতালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অপরাধে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হরতালে রাজধানীতে ১১১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।গুলশান থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, গতকাল সকালে তিন যুবক বনানী কমিউনিটি সেন্টারের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ ঘটনা দেখে পুলিশের একটি দল মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গুলশান ১১ নম্বরে মাসুদুর রহমান নামের একজনকে ধরে ফেলে। ওই যুবককে অগ্নিসংযোগকারী হিসেবে শনাক্ত করেন অটোরিকশার চালক। ভ্রাম্যমাণ আদালতের হাকিম রিয়াজুল হকের সামনে আটক যুবক অটোরিকশায় অগ্নিসংযোগের কথা স্বীকার করলে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।কাফরুল থানার উপপরিদর্শক জহির রায়হান জানান, গতকাল সকাল আটটার দিকে রোকেয়া সরণিতে বাস ভাঙচুরের সময় পুলিশ জয়নাল আবেদীন, শামিম হোসেন ও সাইফুল ইসলাম নামের তিনজনকে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁরা গাড়ি ভাঙচুরের কথা স্বীকার করেন এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীও তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। রায়ে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।চারজনকে সাজা, পাঁচজনকে জরিমানা: সিরাজগঞ্জ শহরে পিকেটিং করার অভিযোগে বিএনপির চার কর্মীকে আটকের পর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী গতকাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচ পিকেটারকে ২০০ টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেন। পাঁচজনের বিরুদ্ধে রাস্তায় রিকশা, সাইকেল আটকে উপদ্রব সৃষ্টি করার অভিযোগ আনা হয়। ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, গণউপদ্রব আইনে (দণ্ডবিধি ২৯০) ধারায় এঁদের জরিমানা করা হয়েছে।টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা মালেকা বানু জানান, সোমবার দুপুরে হরতালে পিকেটিং করার সময় টঙ্গী থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।বিএনপির দাবি: গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, হরতালে রাজধানীর বিভিন্ন থানায় গতকাল ১১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, রাজধানীর কাকরাইল থেকে ছাত্রদলের নেতা সাইদুর রহমান রয়েল, উজ্জ্বল, শিমুলসহ নয়জনকে গ্রেপ্তার করার হয়। ডেমরা থানা যুবদলের নেতা মজিবুর রহমানসহ তিনজন, যাত্রাবাড়ী থেকে যুবদলের নেতা মাসুম মোল্লাসহ ১৬ জন, গেন্ডারিয়া থেকে যুবদলের নেতা মাহমুদুন্নবী বাবুসহ ১১ জন, মিরপুর থেকে পাঁচজন, সূত্রাপুর থেকে ১৩ জন, আদালতপাড়া থেকে সাতজন, নিউমার্কেট থেকে পাঁচজন, মহাখালী থেকে ১১ জন, সবুজবাগ থেকে ছয়জন, পল্লবী থানা এলাকা থেকে ১০ জন, মতিঝিল থেকে নয়জন, লালবাগ থেকে তিনজন ও তেজগাঁও থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।তবে গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, হরতালের সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পাঁচ-ছয়জনকে আটক করা হয়েছে।