বরিশালে প্রচারপত্র বিলির সময় চারজন আটক
ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তার সঙ্গে ধস্তাধস্তি, গুলিবিদ্ধ ১
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের সঙ্গে মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে মো. হারুন নামের এক সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় চারজন নারীকে আটক করেছে পুলিশ।আজ বুধবার এই ঘটনা ঘটে। আহত হারুন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, মেয়র পদপ্রার্থী শওকত হোসেনের বিরুদ্ধে প্রচারপত্র বিলি করার সময় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের সাজা দেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত বসানোর চেষ্টা করা হলে ঘটনাস্থলে মেয়র পদপ্রার্থী আহসান হাবিব তাঁর নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হয়ে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তাঁরা আটক চারজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এতে একজন আহত হয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ জানান, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়, এমন কিছু প্রচারপত্র বিলি করছিলেন এক মেয়র প্রার্থীর চারজন নারী-সমর্থক। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ওই চার নারীকে আটক করি। এ সময় মেয়র পদপ্রার্থী আহসান হাবিব ঘটনাস্থলে চলে আসেন। তাঁদের সঙ্গে মহিলা পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটলে পুলিশ গুলি ছোড়ে। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, আমরা জানি না। আটক হওয়া ওই চার নারীকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখানেই আদালত বসিয়ে তাঁদের সাজা দেওয়া হবে।’তবে আহসান হাবিবের পক্ষে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ‘আমাদের মেয়র প্রার্থীর পক্ষে মহিলা দলের কর্মীরা নগরের বৈদ্যপাড়া এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁদের আটক করেন। খবর পেয়ে আহসান হাবিবসহ আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে আদালত বসানোর দাবি জানাই। আমাদের দাবি উপেক্ষা করে কর্মীদের নিয়ে যাওয়ার সময় ধাক্কাধাক্কির একপর্যায়ে পুলিশ অহেতুক গুলি চালায়। এতে একজন আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’এ ঘটনায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বিএনপির কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেন। নগরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।