ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা চায় রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিসংখ্যান অনুযায়ী, ঢাকায় অনুমোদনবিহীন এবং নকশা-বহির্ভূত ভবনের সংখ্যা প্রায় পাঁচ হাজার। ভবনগুলো চিহ্নিত করা হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা ও লোকবলের অভাবে ব্যবস্থা গ্রহণের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। রাজউক আটটি জোনে বিভক্ত রয়েছে। এখানে অথোরাইজড কর্মকর্তা ১৬ জন থাকার কথা। এর বিপরীতে বর্তমানে আছেন চারজন। প্রতি জোনে পরিদর্শক থাকার কথা ১৫ জন। এর বিপরীতে বর্তমানে প্রত্যেক অথোরাইজড কর্মকর্তার অধীনে পরিদর্শক রয়েছেন পাঁচজন করে। অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের প্রয়োজন আটজন। আছেন মাত্র একজন। রাজউক সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ৫০টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত হয় ছয় মাস আগে। কিন্তু লোকবলের অভাবে তা সম্পন্ন করা যাচ্ছে না এখন পর্যন্ত। রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত ইমারত নির্মাণ আইনানুযায়ী ব্যবহারের বিধান থাকলেও অনুমোদনের অভাবে তা কার্যকর করা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইমারত বা ভবনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের পথ উন্মুক্ত আছে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ প্রসঙ্গে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক শেখ আবদুল মান্নান বলেন, ভ্রাম্যমাণ আদালত আইনানুযায়ী দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এখন রাজউক যদি এ ক্ষমতা পায়, তাহলে অবৈধ স্থাপনা এবং অবৈধ ভবনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে। তিনি আরও জানান, এ বিষয়ে একটি প্রস্তাব গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন শেষে সংস্থাপন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আশা করেন, বেগুনবাড়ি ও নিমতলীর ট্র্যাজেডির পর এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। পুরান ঢাকার অধিকাংশ ভবনই রাজউকের অনুমোদন নেই। কিছু ক্ষেত্রে রাজউক অবৈধ ভবনের তালিকা শুরু করেছে। কিন্তু স্থানীয় জনগণের বাধার মুখে রাজউক আগে অনেকবারই ব্যবস্থা নিতে পারেনি বলে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান। কোনো বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ফায়ার সার্ভিস এবং ডিফেন্স কর্তৃপক্ষের ছাড়পত্র লাগে। রাজউক এ ছাড়পত্র দেখেই নকশা অনুমোদন করে থাকে বলে জানা যায়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই নকশা অনুমোদন করানোর জন্য রাজউকের কিছু অসাধু কর্মকর্তার কাছে ভবন নির্মাণকারীরা ধরনা দেন বলে অনুসন্ধানে জানা গেছে। ইমারত নির্মাণ আইনানুযায়ী, ভবন নির্মাণের আগে রাজউক থেকে মঞ্জুরিপত্র নিতে হয়। এতে বিভিন্ন শর্ত উল্লেখ থাকে যে শর্তগুলো স্থাপনা অংশে ঝুলিয়ে রাখতে হয়। পরিদর্শকদের এ শর্তানুযায়ী ভবন নির্মিত হচ্ছে কি না, তা পরিদর্শন করার বিধান আছে আইনে। প্রতি তলা সম্পন্ন করার পর নতুন তলা শুরু করার জন্যও পরিদর্শকের অনুমতি লাগে। কিন্তু বাস্তবে লোকবলের অভাবে এ বিধান মানা হচ্ছে না।