ভ্রাম্যমাণ আদালতের পরীক্ষা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক পরীক্ষার ভিত্তিতে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে ফল পাকানো ও ফরমালিন দিয়ে ফল সংরক্ষণের প্রমাণ পাওয়ায় বড় বড় চালান ধরে ধ্বংস করা হচ্ছে। এ পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু প্রশ্ন উঠেছে।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অধীন বাংলাদেশ খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশে এখন ভ্রাম্যমাণ পরীক্ষাগারের ক্যালসিয়াম কার্বাইড শনাক্ত করার প্রযুক্তি নেই।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃপক্ষ। ফলে রাসায়নিক শনাক্ত করার বিষয়ে জানতে চাইলে বিএসটিআইর চেয়ারম্যান এ কে ফজলুল আহাদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ তাঁদের সহায়তা করেন।পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারের রসায়নবিদ আসাদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের ফলে রাসায়নিক শনাক্ত করার কাজে অংশ নেন। ক্যালসিয়াম কার্বাইডের অস্তিত্ব জানতে পরীক্ষার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি প্রথম আলোকে বলেন, একটি যন্ত্রের মাধ্যমে তাঁরা ক্যালসিয়াম কার্বাইডের পরীক্ষা করেন। ‘হেক’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তাঁরা যন্ত্রটি কেনেন।পদ্ধতি ব্যাখ্যা করার সময় আসাদুর রহমান বলেন, বাজার থেকে আম কিনে পানিতে ধোয়া হয়। আম ধোয়া পানি একটি বিশেষ পাত্রে (ক্রনিক্যাল ফ্লাক্সে) রাখা হয়। সেই পানিতে অন্য রাসায়নিক মিশিয়ে তাৎক্ষণিকভাবে ক্যালসিয়াম কার্বাইড শনাক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতিতে বিভ্রান্তির সুযোগ আছে। এর মাধ্যমে শুধু ফলে ক্যালসিয়াম কার্বাইড ও ফরমালিন আছে কি না তা জানা সম্ভব। কিন্তু পরিমাণ জানা সম্ভব নয়।আনোয়ারুল ইসলাম বলেন, আমসহ প্রায় প্রতিটি ফলের মধ্যে প্রাকৃতিক ক্যালসিয়াম ও ফরমালিন থাকে। সংগৃহীত পানির রাসায়নিক ফল পাকানো বা সংরক্ষণের জন্য বাইরে থেকে দেওয়া হয়েছে কি না তা জানতে অত্যাধুনিক প্রযুক্তি দরকার যা এখনো বাংলাদেশে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক নিলুফার নাহার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতির মাধ্যমে কখনোই নিশ্চিত করে বলা সম্ভব নয় ওই ক্যালসিয়াম আমের ভেতরে প্রাকৃতিকভাবে ছিল, নাকি তা বাইরে থেকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওই পরীক্ষার ওপর নির্ভর করে ব্যবসায়ী ও চাষিদের আম ফেলে দেওয়া অপরাধ।এ ব্যাপারে আইনজীবী তানজিব উল আলম বলেন, ফলে রাসায়নিকের ব্যবহার বন্ধ করতে খাদ্য আইন আছে। ফলে কার্বাইড ব্যবহারের অভিযোগে কাউকে শাস্তি দেওয়ার আগে ভ্রাম্যমাণ আদালতকে অকাট্যভাবে অভিযোগ প্রমাণ করতে হবে। এ জন্য শুধু পরিবেশ অধিদপ্তর ফল পরীক্ষা করলে হবে না। তথ্যের যথার্থতার ব্যাপারে অন্য কোনো বিশেষজ্ঞের কাছ থেকে নিশ্চিত হতে হবে।সূত্র জানিয়েছে, ৬ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ১০টি অভিযান চালিয়েছেন। আদালত এ সময়ে ক্যালসিয়াম কার্বাইড ও ফরমালিন ব্যবহারের অভিযোগে ফল ব্যবসায়ীদের ১৩ লাখ সাত হাজার টাকা জরিমানা করেছেন, ৭৫ কেজি আঙুর ও ১২ মেট্রিক টন আম ধ্বংস করেছেন এবং একজন আম ব্যবসায়ীকে এক মাসের জেল দিয়েছেন। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন বলেন, বাংলাদেশ পিওর ফুড অর্ডিন্যান্স অনুযায়ী খাদ্যে রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ফলমূলে রাসায়নিক পরীক্ষা করার জন্য পরিবেশ অধিদপ্তরের কারিগরি সহায়তা নেওয়া হচ্ছে। পরীক্ষার ফলাফল নিয়ে কোনো প্রশ্ন উঠলে তার দায়দায়িত্ব পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআইয়ের।পরিবেশ অধিদপ্তরের পরিচালক গবেষণাগার বে উ হা আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করেই আমরা পরীক্ষাগুলো করছি।’ কোন আন্তর্জাতিক সংস্থার পদ্ধতি ব্যবহার করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমেরিকান’।