ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার তদারকির নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রামের সব পাইকারি বাজার ও বিভিন্ন বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত গঠন ও এর মাধ্যমে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন এ নির্দেশ দেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের চাহিদা অনুসারে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন আদালত। পবিত্র রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বেআইনিভাবে মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত রোববার রিট আবেদনটি করে। এতে বাণিজ্যসচিব, খাদ্যসচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসককে বিবাদী করা হয়। গত রোববার ও আজ দুই দিন শুনানি নিয়ে আদালত রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।রুলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে নির্দেশ কেন দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করেছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে বাণিজ্যসচিব, খাদ্যসচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসককে রুলের জবার দিতে বলা হয়েছে।