ভ্রাম্যমাণ দোকানবাণিজ্য
বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকার মূল সড়কের দুই পাশ ধরে বেশ কিছু ভাসমান দোকান গড়ে উঠেছে। এতে পথচারীদের চলাফেরার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, মূল সড়ক দখল করে এসব এলাকায় সহস্রাধিক ভাসমান দোকান গড়ে উঠেছে। মূল সড়ক দখল করে এসব ভাসমান দোকানে জমজমাট বিকিকিনি চলছে। এসবের মধ্যে রয়েছে ফল, মুদি, কনফেকশনারি, চা, পান, সিগারেট, পলিথিন, চটপটি, আচার, সবজি এমনকি জুতা ও কাপড়ের দোকান। যানজটের কবলে পড়া চৌহাট্টা এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, এসব ভাসমান দোকান উচ্ছেদের জন্য বিভিন্ন সময় সিলেট সিটি করপোরেশনের কাছে অভিযোগ করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বিশেষ করে দিনের বেলা পুরো এলাকা যানজটে অচল হয়ে থাকে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তার ঠিক উপরে ভাসমান দোকান গড়ে ওঠায় বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, কোর্টপয়েন্ট, সুরমা মার্কেট, মির্জাজাঙ্গাল রোড, বারতখানা সড়ক, লালদিঘীরপাড়সহ আশপাশের এলাকায় সার্বক্ষণিক তীব্র যানজট লেগে থাকে। প্রায়ই রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত যানজটে আটকে থাকতে দেখা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক ফুটপাতের একজন ব্যবসায়ী জানান, সিটি করপোরেশন কর্তৃপক্ষের নীরবতা ও পুলিশের সহযোগিতায় তাঁরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব ভাসমান দোকান থেকে ফাঁড়ির পুলিশ নিয়মিত চাঁদা আদায় করে। ফলে মাঝেমধ্যে ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চালানো হলেও তা অনেকটাই লোকদেখানো বলে খোদ ভাসমান দোকানদাররা মত প্রকাশ করেছেন।বন্দরবাজার পুলিশফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলনকুমার বিশ্বাস বলেন, ভাসমান দোকানগুলো তুলে দিতে প্রতিদিনই অভিযান চালানো হয়। সকালে তুলে দিলে হকাররা আবার বিকেলেই পসরা সাজিয়ে বসে। তবে পুলিশের চাঁদা নেওয়ার বিষয়টি ঠিক নয়। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।