ভ্রাম্যমাণ প্রদর্শনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়। এর একপাশে আটটি রিকশাভ্যান সার বেঁধে দাঁড়িয়ে আছে। এগুলোর পেছনে মালামাল রাখার জায়গা ঘিরে আছে ডিজিটাল ব্যানার। এর মধ্যে দুই পাশে রয়েছে বিভিন্ন দেশের আলোকচিত্র। অন্য দুই পাশের লেখা দেখে জানা গেল, ছবিগুলো আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা-৬’ উপলক্ষে উপস্থাপন করা হয়েছে।নগরের সাতটি গ্যালারিতে চলছে ছবিমেলার প্রদর্শনী। আলোকচিত্রের এই উৎসবে কিন্তু একটি ভ্রাম্যমাণ প্রদর্শনীও চলছে। রিকশাভ্যানে চড়ে সেই প্রদর্শনীর ছবি বলা যায় দর্শনার্থীর দুয়ারে গিয়েই হাজির হচ্ছে। ব্যস্ততার জন্য যাঁরা গ্যালারিগুলোয় গিয়ে ছবি দেখার সুযোগ পাচ্ছেন না, তাঁরা চলতি পথে ছবি দেখার সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে চাকরিজীবী আবদুর রহমান বলেন, ‘ছবিমেলার প্রথম দিন একটি গ্যালারিতে গিয়ে দেখি, গ্যালারি বন্ধ। তখনো নাকি প্রদর্শনী শুরু হয়নি। এরপর অন্য কোনো গ্যালারিতে আর যাওয়া হয়নি। হঠাৎ পথে দেখি, ছবিমেলা লেখা ভ্যানগাড়ি। রিকশা থেকে নেমে তাই ছবিগুলো দেখছি।’অনেকে আবার এক থেকে দুটি গ্যালারিতে গিয়ে ছবি দেখেছেন। অন্যগুলোয় যাওয়ার সময় করে উঠতে পারেননি। তাঁরা সব দেশের আলোকচিত্রীদের ছবি দেখতে পারেননি। এক বা দুটি গ্যালারিতে সব দেশের ছবি দেখার সুযোগ নেই। এই সুযোগ মিলছে ভ্রাম্যমাণ প্রদর্শনীতে। কারণ এতে ১০টি রিকশাভ্যানে ছবিমেলায় অংশ নেওয়া সব দেশের আলোকচিত্রীদের আলোকচিত্র রয়েছে। ভ্রাম্যমাণ প্রদর্শনীতে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসিকার সঙ্গে। তিনি বলেন, ‘আমি এর আগে একটি গ্যালারিতে গিয়ে একবার ছবি দেখে এসেছি। কিন্তু সেখানে অল্প কয়েকটি দেশের ছবি ছিল। এখানে সব দেশের আলোকচিত্র দেখতে পাচ্ছি। এটা খুবই ভালো উদ্যোগ।’রিকশাভ্যানযোগে ভ্রাম্যমাণ প্রদর্শনী এখন পর্যন্ত নগরের বেশ কয়েকটি এলাকায় গেছে। লালবাগ, হাজারীবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় দর্শনার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানান ভ্রাম্যমাণ প্রদর্শনীর সুপারভাইজার হাসান মিয়া। তিনি আরও জানান, প্রতিদিন সকাল ১০টায় বের হয় ভ্রাম্যমাণ প্রদর্শনীর ১০টি রিকশাভ্যান। এগুলো পথে থাকে বিকেল পাঁচটা পর্যন্ত। ভ্রাম্যমাণ প্রদর্শনীর সমাপনী দিন ৩ ফেব্রুয়ারি।