ভ্রাম্যমাণ শৌচাগারের নবযাত্রা
২০০৭ সালের কথা। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের লেকের পাড়ে একটি ভ্রাম্যমাণ শৌচাগার বসানো হয়। টিনের বেড়া ও ছাউনির তৈরি একই রকম একটি শৌচাগার রাখা হয় মিরপুরে এশিয়া সিনেমা হলের উল্টো পাশের ফুটপাতে। চলতি পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে হাতের কাছে যখন কেউ গণশৌচাগার খুঁজে পাচ্ছিলেন না, তখন তাঁদের স্বস্তি এনে দেয় ভ্রাম্যমাণ শৌচাগার। এই সেবা চালু করেছিল ‘নগরসেবা’ নামের একটি প্রতিষ্ঠান।তবে বছর দু-একের বেশি টিকতে পারেনি ভ্রাম্যমাণ শৌচাগার দুটি। কেন? জানতে চাইলে নগরসেবার সংশ্লিষ্ট একজন জানান, শৌচাগারে ছোট কাজ সারতে গিয়ে অনেকে বড় কাজই সেরে নিচ্ছিলেন। একপর্যায়ে বন্ধ হয়ে যায় ভ্রাম্যমাণ শৌচাগার দুটি।ভ্রাম্যমাণ শৌচাগার নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করে ‘নগরসেবা’। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’—এমন স্লোগান নিয়ে তৈরি করে নতুন একটি ভ্রাম্যমাণ শৌচাগার। এতে প্রস্রাব-পায়খানার ব্যবস্থা রাখা হয়। একুশে ফেব্রুয়ারি, ষোলোই ডিসেম্বর কিংবা পয়লা বৈশাখের মতো বিশেষ দিনগুলোয় জনবহুল স্থানে সেবা দিয়ে আসছিল ভ্রাম্যমাণ শৌচাগার।নগরসেবার ভ্রাম্যমাণ শৌচাগারের সেবার পরিধি বাড়ানোর জন্য ২০১১ সালে দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে) ও অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস (আরবান) নামে দুটি এনজিও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ওয়াটার ফাস্ট ইন্টারন্যাশনাল নামের একটি দাতা সংস্থার অর্থায়নে ডিএসকে দুটি ভ্রাম্যমাণ শৌচাগার তৈরি করে। এর একটি মিরপুরের এশিয়া সিনেমা হলের উল্টো পাশে বসানো হয়েছে। অন্যটি আছে গাবতলীর পাতালপথের উত্তর পাশে। এ শৌচাগার দুটির পরিচালনা করছে ডিএসকে।এদিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বহির্বিভাগের উল্টো পাশের ফুটপাতে রয়েছে আরও দুটি ভ্রাম্যমাণ শৌচাগার। ওয়াটার-এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় এ দুটি বসিয়েছে আরবান। আরবানের শৌচাগার দুটি পরিচালনা করছে নগরসেবা। চারটি ভ্রাম্যমাণ শৌচাগার নগরবাসী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করতে পারছে। এ জন্য তাদের খরচ করতে হয় দুই টাকা কিংবা পাঁচ টাকা।আরবানের কর্মসূচি সমন্বয়কারী মহিবুর রহমান জানান, ২০১২ সালে নগরে ২০০ থেকে ২৫০টি আধুনিক ভ্রাম্যমাণ শৌচাগার বসানো হবে। ডিএসকেও ভ্রাম্যমাণ শৌচাগার বাড়াবে বলে জানান এর ব্রাঞ্চ ম্যানেজার তাসলিমা বেগম।ভ্রাম্যমাণ শৌচাগার নিয়ে ডিসিসির কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে ডিসিসির প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন পাটওয়ারী জানান, আপাতত তাঁদের কোনো পরিকল্পনা নেই। আসাদুজ্জামান