ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের নেতা-কর্মীদের ভয় দেখাতে সরকার বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা করেছে।মির্জা ফখরুল সরকারকে হুঁশিয়ার করে বলেন, সরকার ভুল ধারণা করছে। ভয় দেখিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন গত বুধবার জয়নুল আবদিনের ওপর পুলিশ হামলা করে। এতে তিনি আহত হন। ওই হামলার প্রতিবাদে ও হরতালে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।সমাবেশে মির্জা ফখরুল বলেন, হামলা-মামলার ভয় দিয়ে সরকার বিরোধী দলের আন্দোলন দমাতে চায়। কিন্তু সরকারের বোঝা উচিত, এভাবে আন্দোলন দমানো যায় না। তিনি বলেন, জয়নুল আবদিনের ওপর সরকার পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। কেননা, বিরোধী দলের চিফ হুইপ সরকারি দলের শীর্ষ নেতার ছেলের দুর্নীতির কথা অকপটে বলে দিয়েছেন।সমাবেশে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।