ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে কনস্টেবলকে গণপিটুনি
ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৮) নামের এক কনস্টেবল গণপিটুনির শিকার হয়েছেন। তিনি রাজধানীর মালিবাগে অবস্থিত বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরে কর্মরত বলে জানা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর চানখাঁরপুলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে পুলিশের বিশেষ শাখার কনস্টেবল মোস্তাফিজুর রহমান একটি রিকশার গতিরোধ করেন। তিনি রিকশার যাত্রী তরুণ-তরুণীকে সন্দেহ করে দুজনের একসঙ্গে রিকশায় ওঠার কারণ জানতে চান। তাঁরা দুজনে নিজেদের বন্ধু পরিচয় দিলে তিনি বিশ্বাস করেননি। এরপর কনস্টেবল মোস্তাফিজুর তাঁর পরিচয়পত্র দেখিয়ে তাঁদের আটক করার হুমকি দিয়ে টাকা দাবি করেন। তাঁরা ৫০০ টাকা দিলে কনস্টেবল এতে খুশি হননি। এ নিয়ে তাঁদের সঙ্গে কনস্টেবলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তাঁদের কাছে আরও ৫০০ টাকা নেন। কথাকাটাকাটি শুনে আশপাশের লোকজন ওই কনস্টেবলকে ঘিরে ফেলে। তারা ওই তরুণ-তরুণীর কাছে ঘটনা শুনে কনস্টেবলকে গণপিটুনি দেয়। পরে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।রাত পৌনে নয়টায় যোগাযোগ করা জলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, কনস্টেবল মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ চলছে।