ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ভয়-ভীতি ও চাপের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে আইন ও সংবিধান অনুযায়ী কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ আহ্বান জানান। বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, কর্তব্যপরায়ণ হতে হবে। এ ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে। আইন মেনে ইমানের সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে হবে। বিচার বিভাগের মূল লক্ষ্য হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এ জন্য কাজ চালিয়ে যেতে হবে। প্রধান বিচারপতি বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ নিরসনে স্বল্প সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ধার্য তারিখে মামলার সাক্ষ্য গ্রহণ ও রায় প্রদান করতে হবে। যেসব মামলায় তাত্ক্ষণিকভাবে আদেশ দেওয়া সম্ভব, সেসব ক্ষেত্রে তা প্রদান করার ওপর তিনি জোর দেন।সুপ্রিম কোর্টে গতকাল শুক্রবার বিচার বিভাগীয় কর্মকর্তাদের এ সম্মেলন শুরু হয়। ওই দিন প্রায় ২০০ জন সহকারী জজ এতে অংশ নেন। গতকাল সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় সাড়ে ৩০০ বিচারিক হাকিম সম্মেলনে যোগ দেন। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলে। পর্যায়ক্রমে অধস্তন আদালতের সব কর্মকর্তারা এতে অংশ নেবেন। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিতব্য এ সম্মেলন ১২ নভেম্বর শেষ হবে। সম্মেলনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পর্যায়ক্রমে জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও জেলা জজরা সম্মেলনে অংশ নেবেন। ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫, ৬ ও ১২ নভেম্বর সম্মেলন হওয়ার কথা রয়েছে।