ভয়ংকর খেলা থেকে সরে আসার আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভয়ংকর খেলা থেকে সরকারকে সরে আসতে হবে।আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।নির্যাতনবিরোধী দিবস, খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মিথ্যা মামলা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সারা দেশেও একই কর্মসূচি পালন করেছে।সমাবেশে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার। কিন্তু সরকার এ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এ খেলার পরিণতি হবে ভয়াবহ।ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সরকার নিজেই আদালত অবমাননা করেছে। কেননা, রায়ে আরও দুই মেয়াদে এই ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। তা ছাড়া এখনো আদালতের পূর্ণাঙ্গ রায়ই প্রকাশ পায়নি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকার সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করে চলছে। তারেক-কোকোর ওপর নির্যাতনের মাধ্যমে সরকার খালেদা জিয়ার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সরকারের এই প্রচেষ্টা সফল হবে না।সমাবেশে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।