সন্ধ্যা উতরে গেছে। কলকাকলিতে পরিবেশ মুখর করে ঘরে ফিরছে পাখির ঝাঁক। সুরের মূর্ছনা ছড়িয়ে পড়েছে ছায়ানট সংস্কৃতি-ভবনেও। রমেশচন্দ্র স্মৃতি মিলনায়তনে ছোট-বড় একঝাঁক সংগীতশিক্ষার্থী মগ্ন সুরের সাধনায়। সবাই মেঝেতে বসা। হারমোনিয়াম-তবলা-খোল নিয়ে প্রশিক্ষকেরা তালিম দিচ্ছিলেন গত বুধবার। তখন তাঁরা অনুশীলন করছিলেন রবীন্দ্রনাথের ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিসনে ভাই’ গানটি।সমস্যা হচ্ছিল ওই ‘দাঁড়ানো’ নিয়ে। এক পাশে চেয়ারে বসে সুরে কান পেতে রেখে ছিলেন ছায়ানটের অধ্যক্ষ সংগীতজ্ঞ সন্জীদা খাতুন। হাতে মাইক্রোফোন। এক দফা গাওয়া থামলে তিনি বললেন, ‘তোমাদের কি নাক আছে?’ আচমকা এমন প্রশ্নে খানিকটা হকচকিত মনে হলো কাউকে কাউকে। সবিনয়ে দু-একজন মৃদুস্বরে উত্তর দিলেন, ‘জি’। তিনি বললেন, ‘তাহলে তোমরা “দাড়া” বলছ কেন? শব্দটি তো হবে “দাঁড়া”। আর অমন মিনমিনে স্বরে বললে তো হবে না। কবি বুক বেঁধে দাঁড়াতে বলছেন। অর্থাৎ বুকে সাহস নিয়ে দৃপ্ত হয়ে দাঁড়াতে হবে।’ তিনি উচ্চারণ করে শুনিয়ে দিলেন, চরণটি কেমন করে গাইতে হবে। আরও কিছু শব্দের উচ্চারণ শিখিয়ে দিলেন তিনি। বললেন, ‘যেমন “জালা” নয়, বলতে হবে “জ্বালা”। ভয়কে জয় করতে হবে না, তাই “মাভৈ” এভাবে না বলে একটু লম্বা টান দিয়ে বলবে, “মা...ভৈ...”।’ এভাবেই রাত প্রায় নয়টা অব্দি লাইসা আহমেদ লিসা ও বিজন চন্দ্র মিস্ত্রি এদিন অনুশীলন করালেন।রাত পোহালেই বাঙালির জীবনে আসবে আরও একটি নতুন বছর। তাকে বরণ করতেই দেশের ঐতিহ্যবাহী সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানট রমনার বটমূলে যে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করেছে, তারই মহড়া হচ্ছিল সেদিন। ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমান জানালেন, গত মার্চ মাসের প্রথম থেকেই মহড়া শুরু হয়েছে। ছায়ানটের শিশু ও বড়দের দুটি দলের শতাধিক শিল্পী এবারের প্রভাতি অনুষ্ঠানে অংশ নেবেন। প্রায় ৩৫টি গান নির্বাচন করা হয়েছে অনুষ্ঠানের জন্য। এর মধ্যে শিশুদের সম্মেলক, বড়দের সম্মেলক ও উভয় দলের মিলিত কণ্ঠের গান থাকবে ১৬টি। বাকিগুলো পরিবেশিত হবে একক কণ্ঠে। সন্জীদা খাতুনের তত্ত্বাবধানে গানগুলো বাছাই করা হয়। উল্লিখিত দুই শিল্পী ছাড়াও প্রশিক্ষণ দিচ্ছেন খায়রুল আনাম শাকিল, পার্থ সারথি শিকদার, বিমান চন্দ্র বিশ্বাস ও সেঁজুতি বড়ুয়া। অনুষ্ঠানে গান ছাড়াও থাকবে আবৃত্তি। নববর্ষ ও বাঙালি সংস্কৃতি নিয়ে বলবেন সন্জীদা খাতুন। তারপর জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।অনুশীলনের শেষে সন্জীদা খাতুন প্রথম আলোকে বললেন, ‘শুধু অনুষ্ঠান করার জন্যই অনুষ্ঠান করা নয়। আমরা সব সময় চেষ্টা করে থাকি, ছেলেমেয়েরা যেন গানের বাণীর মর্ম উপলব্ধি করে সঠিক উচ্চারণে ও সুরে শুদ্ধ ও সুন্দর করে গাইতে পারে। এ জন্য খুঁটিনাটি বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হয়। তাই না এসে পারি না। আমি জানি, এত কটকট করি, সে জন্য ওরা হয়তো একটু বিরক্ত হয়। কিন্তু ভালো করতে হলে এ ছাড়া উপায়ও নেই। তবে ওদের শেখার আগ্রহটা ভালো লাগে। হরতালের জন্য এই শেষের দিনগুলোতে মহড়ায় আসতে অনেকেরই সমস্যা হচ্ছে। কিন্তু তার পরও ওরা আসছে। অভিভাবকেরা সঙ্গে করে নিয়ে আসছেন। সে জন্য তাঁদেরও ধন্যবাদ দিই।’সকাল সোয়া ছয়টায় প্রভাতি অনুষ্ঠান শুরু হবে যন্ত্রবাদন দিয়ে। সন্জীদা খাতুন জানালেন, এবার অনুষ্ঠানে তিন ধরনের গান বাছাই করা হয়েছে। প্রথম দিকে থাকবে সকালবেলার সুরের গান। এরপর দেশাত্মবোধক গান। শেষ পর্যায়ে থাকবে মানুষ হওয়ার আহ্বান, মানবিকতা জাগানোর আহ্বান নিয়ে গান।ভোরের আলো ফোটার সঙ্গেই শুরু হবে রমনার বটমূলে প্রভাতি অনুষ্ঠান। মিলিত কণ্ঠে পরিবেশিত হবে রবীন্দ্রনাথের ‘আলো যে যায় রে দেখা’। শেষে নজরুলের ‘তোরা সব জয়ধ্বনি কর’।সব অমঙ্গলকে পরাভূত করার জন্য জয়ধ্বনি করাটা যে আজ অনিবার্য হয়ে উঠেছে বাঙালির জীবনে।