ভয়াবহতার বর্ণনা দেওয়াও কষ্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার বেলা তখন প্রায় তিনটা। একটি গুঞ্জন আমার কানে ভেসে আসতে শুরু করল। জিজ্ঞেস করে জানতে পারলাম যে টোকিওর কাছাকাছি ভূমিকম্প হয়েছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমে মনে হয়েছিল যে বিষয়টি খুব গুরুতর কিছু না। জাপান এমনিতেই তো ভূমিকম্পপ্রবণ দেশ। বড় বড় ভূমিকম্প মোকাবিলায় এ দেশের মানুষের যথেষ্ট পারদর্শিতা রয়েছে।কিন্তু আমার সহকর্মীদের দেখলাম যে প্রায় সবাই টেলিফোনে কথা বলছে। সবাইকে খুব বিচলিত ও চিন্তিত মনে হলো। বিষয়টি যখন ভালো করে জানতে পারলাম তখন আমি রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। এ তো শুধু বড়মাপের নয়, জাপানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি কিছুক্ষণ আগে, স্থানীয় সময় দুপুর দুইটা ৪৬ মিনিটে আঘাত হেনেছে। জাপানের রাজধানী টোকিও থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বের এ ভূমিকম্পটির মাত্রা ছিল ৮.৯। এর আগে জাপানে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হেনেছিল ১৯২৩ সালে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৯। ওই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল প্রায় এক লাখ মানুষ। বিশেষজ্ঞদের মতে, এবারের ভূমিকম্পটি ১৯০০ সালের পর পৃথিবীর পঞ্চম বৃহত্তম এবং নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে গত মাসে যে ভূমিকম্পটি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার চেয়ে প্রায় আট হাজার গুণ শক্তিশালী। ভূমিকম্পের ঠিক পরপরই আঘাত হানে শক্তিশালী সুনামি, যার উচ্চতা ছিল প্রায় ৩৩ ফুট। আমাদের সবার চোখেমুখে তখন আতঙ্কের ছাপ। টোকিওতে অবস্থানরত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিত মানুষদের খোঁজ নিতে ব্যস্ত সবাই। টেলিফোন কিংবা ই-মেইল কোনো মাধ্যমেই কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সবার চোখেমুখে দুশ্চিন্তার ছাপ আরও বেড়ে যেতে থাকল।জাপানের স্থানীয় টেলিভিশন চ্যানেলে ভূমিকম্প ও সুনামির চিত্র দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। ঘরবাড়ি, গাড়ি, পাতাল রেল এমনকি জাহাজ যেন খেলনার মতো পানির তোড়ে ভেসে যাচ্ছে। উপকূল-তীরবর্তী মানুষের ক্ষয়ক্ষতি ও কষ্ট বর্ণনাতীত। যোগাযোগব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। উদ্ধারকর্মীদের প্রবল প্রচেষ্টার পরও তাদের কাছে পৌঁছানো খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। না খেয়ে, খোলা আকাশের নিচে খুবই মানবেতর জীবন যাপন করছে উপকূলবর্তী হাজার হাজার মানুষ। মৃত দেহের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। এখানকার টেলিভিশন চ্যানেলের মর্মান্তিক ভিডিও চিত্র বর্ণনা করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে।এদিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিস্ফোরণের বিষয়টিতে সবাই খুবই আতঙ্কিত। সবাই পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন। অনেকের সঙ্গে কথা বলে জানতে পারলাম, টোকিওতে অবস্থানরত বিভিন্ন দেশের মানুষজন ভীতসন্ত্রস্ত হয়ে দেশে ফিরে যাওয়ার চিন্তাভাবনা করছে। পারমাণবিক এ বিস্ফোরণের প্রভাবে শারীরিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে অনেকেই।জাপানের এ মহাবিপর্যয় মোকাবিলায় দেশটির সরকার সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়েছে এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যেরও আশ্বাস দিয়েছে। এদিকে বিশ্বের অনেক দেশই জাপান সরকারের প্রতি সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। জাপানে অবস্থানরত বাঙালিরাও এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। শুধু তাই নয়, গতকাল শনিবার শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তার পাশে লক্ষ করা যায় যে স্কুলের বাচ্চারা তহবিল সংগ্রহ করছে। এ দৃশ্য দেখে মনে হলো যে জাপানিদের জাতিগত ঐক্য কতটা শক্তিশালী। দেশের প্রত্যেকটি মানুষ যে যার অবস্থান থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।এমন পরিস্থিতিতে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, আমার প্রিয় বাংলাদেশে বিশেষ করে ঢাকায় যদি এর চেয়ে অনেক কম মাত্রার ভূমিকম্প হয় তাহলে ভয়াবহ এক পরিস্থিতির উদ্ভব হবে আর অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহরটিতে তার মোকাবিলা করা হবে অসাধ্য। মহান আল্লাহ তাআলার কাছে তাই দোয়া করছি, পৃথিবীর মানুষকে বিশেষ করে আমার মাতৃভূমি বাংলাদেশকে তিনি যেন এমন মহাবিপর্যয়ের পরীক্ষায় আর না ফেলেন। লেখক: গবেষক, কিউশু বিশ্ববিদ্যালয়, ফুকুওকা, জাপান।