গুলশানের ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিস খুন হওয়ার পর তাঁদের দুই মেয়েসহ পরিবারের সবাই এখন প্রায় বন্দিজীবন কাটাচ্ছেন। নিহত দম্পতির দুই মেয়ে ও পুত্রবধূ কালাচাঁদপুরের সেই বাড়িটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। মেয়েদের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। নিহত দম্পতির ছেলে শিহাবুর রহমান প্রথম আলোকে বলেন, এখনো তাঁর বোনেরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেনি। তাঁদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে গত ২৪ মার্চ সাদেক ও রোমানাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে রুবেল নামের এক যুবক। পুলিশ পরে রুবেল, তাঁর সহযোগী মিথুন চন্দ্র ও রুবেলের দুলাভাই মহিউদ্দীন রাব্বীকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে। এর আগে র্যাব গ্রেপ্তার করে মামলার অভিযুক্ত আসামি দেলোয়ার হোসেনকে। পরে গোয়েন্দা পুলিশ নাজমুল হোসেন বাবু ও মো. শরিফকে গ্রেপ্তার করে। এঁদের সবাইকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রুবেল এ ঘটনায় নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া আরও তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে গ্রেপ্তার করা সবাই কারাগারে আছেন।পরিবারের অভিযোগ, পুলিশ এ মামলার তদন্তে হঠাৎ করেই গতি কমিয়ে দিয়েছে। মামলার তদন্ত চলছে গতানুগতিক ঢিমেতালে। খুনের ঘটনায় আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পুলিশ অভিযোগপত্র দেওয়ার কোনো প্রস্তুতি শুরু করেনি।ওই দম্পতির বড় মেয়ে ফরিদা ইয়াসমিন আক্ষেপ করে বলেন, ‘সরকারের পক্ষ থেকে অপরাধীদের বিচারের ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হলেও অপরাধীরা অনেক শক্তিশালী হওয়ায় আমরা খুবই আতঙ্কিত। সারাক্ষণ বিপদের আশঙ্কা করছি। অভিযোগপত্র দিতে দেরি হওয়ায় আমাদের সন্দেহ আরও বাড়ছে।’ তিনি জানান, তাঁর ভাবি মমতাজ বেগম চাকরি ছেড়ে ঘরে বসে আছেন। এমনকি ভাইয়ের ছোট্ট মেয়ে জান্নাতুল ফেরদৌসকে স্কুলে পাঠানো হচ্ছে না। তিনি নিজে পড়ালেখা অসমাপ্ত রেখেই জাপান থেকে ফিরে এসেছেন। এক কথায় পুরো পরিবার বিপর্যস্ত।শিহাব গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর আশা ছিল, মালয়েশিয়া ফিরে যাওয়ার আগেই অন্তত মামলার কার্যক্রম শুরু হয়েছে এমনটি দেখে যেতে পারবেন। কিন্তু তদন্ত কর্মকর্তা তাঁদের জানিয়েছেন, অভিযোগপত্র দিতে এখনো অনেকটা সময় লাগবে। খুবই ধীরগতিতে এই কাজ এগোনোয় তাঁর আশঙ্কা, বাবা-মায়ের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়তো তিনি পাবেন না।পরিবারের এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্র দীর্ঘসূত্রতার অভিযোগ অস্বীকার করে। তাঁরা জানায়, অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে আরও অনেক তথ্য সংগ্রহ করতে হবে। কারণ ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো তারা হাতে পায়নি। হত্যাকাণ্ডে যে বুলেটটি ব্যবহূত হয়েছে, তারও পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনো কোনো প্রতিবেদন পুলিশের হাতে আসেনি। এ হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্রটি যারা সরবরাহ করেছে, তাদেরও পুলিশ শনাক্ত করেছে।মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহ নূর খান প্রথম আলোকে বলেন, এ মামলার তদন্ত প্রায় শেষ। এখন তাঁরা আন্তরিকভাবেই দ্রুততার সঙ্গে অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করছেন।