ভয়ে মামলায় সাক্ষ্য দিতে অনাগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের মামলায় প্রায় ৪০০ জন সাক্ষীর নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।তদন্ত সংস্থা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একাধিক চিঠিতে জানানো হয়েছে, এ অপরাধের বিভিন্ন মামলার সাক্ষীরা নিরাপত্তাজনিত কারণে সাক্ষ্য দিতে অনাগ্রহ প্রদর্শন করছেন। এ ছাড়া সাক্ষীদের অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের বলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় জেলা প্রশাসকদের আরও সক্রিয় করা প্রয়োজন বলে মনে করে তদন্ত সংস্থা। চিঠিতে আরও বলা হয়েছে, সাক্ষী সুরক্ষা কমিটির প্রধান হলেও অধিকাংশ জেলা প্রশাসক এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছেন না। বিচারকাজের সহযোগিতার জন্য প্রশাসনকে আরও সক্রিয় হতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এদিকে তদন্ত সংস্থার অনুরোধে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠিতে সাক্ষীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ চিঠি তাঁদের কাছে পৌঁছতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নানের পাঠানো চিঠিতে বলা হয়, মানবতাবিরোধী মামলার সাক্ষী এবং তাঁদের পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনার দাবি রাখে। ইতিমধ্যে একজন সাক্ষীর সহোদরকে হত্যা করা হয়েছে। সাক্ষীর পরিবার এবং তাঁদের আত্মীয়স্বজনের সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তা বিধান নিশ্চিত করতে না পারলে এবং বর্তমান পরিস্থিতি চলতে থাকলে সাক্ষীরা সাক্ষ্যদানে অনীহা প্রকাশ করবেন। ইতিমধ্যে তাঁদের অনাগ্রহের কিছু কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।গোলাম আযমের সাক্ষী সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজকে হত্যা করা হয়। গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দেওয়ার জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের বলেছিলেন। নিজের নিরাপত্তাহীনতার কথাও তিনি বলেন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীদের নিরাপত্তা জোরদারের জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি। এ ক্ষেত্রে কেউ দায়িত্বে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক আরেক চিঠিতে জেলা প্রশাসকেরা তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না বলে উল্লেখ করেন। তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা সাক্ষী সুরক্ষা ও কল্যাণ কমিটির সভায় ব্যক্তিগতভাবে অনুরোধ করা সত্ত্বেও জেলা প্রশাসক উপস্থিত থাকার প্রয়োজনীয়তা বোধ করেননি। যদিও চট্টগ্রাম জেলায় অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনা মামলার সাক্ষীরা সবচেয়ে বেশি নিরাপত্তাজনিত সমস্যায় রয়েছেন। প্রতি মাসে সভা করার মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও বেশির ভাগ জেলায় তা করা হয় না এবং সাক্ষীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা হয় না। চিঠিতে সতর্ক করে দিয়ে বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে এমন অনীহা প্রদর্শন করা হলে ভবিষ্যতে মামলার সাক্ষীদের বিজ্ঞ ট্রাইব্যুনালে উপস্থাপন করা অসম্ভব হয়ে পড়বে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্র জানায়, এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী সিরাজুল ইসলাম পাঁচজনের নাম উল্লেখ করে তদন্ত সংস্থার কাছে অভিযোগ করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ জন্য চট্টগ্রামের পুলিশ কমিশনারকে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।এসব বিষয়ে জানতে চাইলে তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় তাঁদের নিরাপত্তা আরও বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছি।’ অনেক সাক্ষীকেই টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। সুরক্ষার নিশ্চয়তা ছাড়া কেউ সাক্ষ্য দিতে চান না। মন্ত্রণালয়ও ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বলে জানান তিনি।সানাউল হক আরও বলেন, ‘সাক্ষীদের সুরক্ষা দেওয়া জরুরি। আমাদের সঙ্গে প্রত্যেক সাক্ষীর যোগাযোগ রয়েছে। প্রতিনিয়ত আমরা তাঁদের খোঁজখবর নিচ্ছি। তাঁরা পুলিশি নিরাপত্তায় রয়েছেন। যেহেতু সাক্ষী সুরক্ষা কমিটির প্রধান হচ্ছেন ডিসি, তাই তাঁদের সহায়তাই সবচেয়ে বেশি জরুরি।’জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, জয়পুরহাট, শেরপুর, রংপুরসহ মোট আটটি জেলায় ৪০০ জনের মতো সাক্ষী রয়েছেন। এ ছাড়া দু-একটি জেলায়ও এসব মামলার কিছু সাক্ষী থাকেন। ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘এ মামলার সাক্ষীরা ১৯৭১ দেখেছেন, ২০০১ দেখেছেন, এখন ২০১৩ তে জামায়াতের যে নৃশংসতা দেখছেন, তাতে তাঁরা অত্যন্ত ভীত। প্রতিনিয়ত তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। অনেকেই আমাকে বলেছেন, রাতে তাঁরা ঘুমাতে পারেন না।’ আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্মূল কমিটিসহ বিভিন্ন মহল থেকে তিন বছর ধরে সাক্ষী সুরক্ষা আইন করার জন্য বলা হচ্ছিল। কিন্তু স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এ জন্য একে অপরের ওপর দায়ভার চাপালেও আইনটি আর করা হয়নি। আবার ট্রাইব্যুনালের তদারকির জন্য একটি কমিটি করা হলেও তিন বছরে মাত্র একবার বৈঠক হয়েছে। এ-সংক্রান্ত তদারকি সেলের কেন্দ্রীয় কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীদের আতঙ্ক নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। সাক্ষীদের পক্ষ থেকে তদন্তকারী সংস্থার কাছে কেউ কোনো প্রকার শঙ্কা প্রকাশ করে অভিযোগ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের পাশে থাকবেন।’