ভয়েই বিএনপি উপনির্বাচনে অংশ নেয়নি
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়েই বিএনপি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে অংশ নেয়নি। খবর বাসসের।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘অসাম্প্রদায়িক ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কথা বলেন। বাঙালি জাতীয়তাবাদ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।‘বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে’ বিএনপির নেতাদের এ ধরনের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জনপ্রিয়তা এতই যদি বেশি হয়, তাহলে কেন আপনারা কাপাসিয়ার উপনির্বাচনে অংশ নিলেন না? আপনারা জানতেন, এই নির্বাচনে অংশ নিলে জামানত বাজেয়াপ্ত হবে। এই ভয়েই আপনারা নির্বাচনে অংশ নেননি।’ মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপি আইন ও সংবিধান মানে না। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। কারণ বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জানেন, তাঁর তৈরি এক কোটি ৪০ লাখ ভুয়া ভোটার নেই। সুষ্ঠু নির্বাচন হলে তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না। এ জন্যই বেগম জিয়া একের পর এক ষড়যন্ত্র করতে ব্যস্ত।সংগঠনের সভাপতি আবদুল হক সবুজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হাই মানিক প্রমুখ বক্তব্য দেন।