ম খা আলমগীরের আসন শূন্য ঘোষণা নিয়ে আজ বৈঠক
জাতীয় সংসদের চাঁদপুর-১ আসনের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল ঘোষণাসংক্রান্ত আদালতের রায় নিয়ে আজ বুধবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, রায়ের কপি গতকাল নির্বাচন কমিশন পেয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে আসনটি শূন্য ঘোষণা করতেই হবে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। কমিশনের আজকের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।নির্বাচন কমিশনার জানান, আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর তা স্পিকারকে অবহিত করা হবে। বিধান অনুযায়ী আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন হবে। মহীউদ্দীন খান আলমগীর যে মামলায় সাজা পেয়েছিলেন, সেই মামলা থেকে উচ্চ আদালত তাঁকে অব্যাহতি দেওয়ায় তিনি উপনির্বাচনে প্রার্থী হতে পারবেন।গত ১৫ জুলাই সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।আইন বিশেষজ্ঞদের মতে, লিভ টু আপিল খারিজ হওয়ার অর্থ, যে আদেশের বলে তিনি নির্বাচন করেছেন, তাও খারিজ হয়ে গেছে। ফলে তাঁর সদস্যপদ থাকছে না।জরুরি বিধিমালার আওতায় অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ২০০৮ সালের ৩ ডিসেম্বর মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ওই বছরের ৮ ডিসেম্বর তা খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে রিট আবেদন করলে একই বছরের ১৫ ডিসেম্বর তাও খারিজ হয়। হাইকোর্টের ওই আদেশ ওই বছরের ১৮ ডিসেম্বর স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর তিনি নির্বাচনে অংশ নেন।এর আগে নির্বাচন কমিশন ভোলা-৩ আসনের সরকারদলীয় সাংসদ জসিম উদ্দিনের আসনটি শূন্য ঘোষণা করে গত ফেব্রুয়ারিতে। এরপর ওই আসনের উপনির্বাচনে বিজয়ী হন একই দলের নুরুন্নবী চৌধুরী।যে মামলায় সাজা হয়েছিল: ২০০৭ সালের ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) তিন কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে মামলা করে। ওই বছরের ২৬ জুলাই এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে এক রায়ে হাইকোর্ট তাঁকে অব্যাহতি দেন। এর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর আপিল করে দুদক। আপিল বিভাগ দুদকের লিভ টু আপিল খারিজ করে দিলে তিনি ওই সাজার দায় থেকে অব্যাহতি পান।