ম খা আলমগীরের সংসদ সদস্যপদ আপাতত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীরের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই গেজেটকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ইসির প্রতি রুলও জারি করা হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ চাঁদপুর-১ আসনের নির্বাচিত সাংসদ ম খা আলমগীরের এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে ম খা আলমগীরের সদস্যপদ বহাল থাকছে। সংসদ সদস্য হিসেবে তাঁর দায়িত্ব পালনে কোনো বাধা নেই।তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি ক্ষমতা আইনে ১৩ বছরের কারাদণ্ড হওয়ায় গত সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ম খা আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন। সুপ্রিম কোর্টের আদেশে তিনি নির্বাচনে অংশ নেন। তবে তাঁর মনোনয়নপত্র বাতিল বৈধ বলে হাইকোর্ট যে সিদ্ধান্ত দেন, আপিল বিভাগ তা বহাল রেখে গত ১৫ জুলাই লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) খারিজ করে দেন। ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। ম খা আলমগীর আবার এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।আদালতে ম খা আলমগীরের পক্ষে আইনজীবী রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ ও শাহ মঞ্জুরুল হক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার মামলা পরিচালনা করেন।ম খা আলমগীরের আইনজীবীরা শুনানিতে দাবি করেন, সংসদ সদস্যপদ নিয়ে বিরোধ-মীমাংসাসংক্রান্ত আইন ১৯৮০ সালের মেম্বার অব পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপুট) অ্যাক্টের বিষয়ে ইসি যে সিদ্ধান্ত নিয়েছে, তার এখতিয়ার কমিশনের নেই। আপিল বিভাগের রায়ের পর হাইকোর্ট এ বিষয়ে কোনো আদেশ দিতে পারেন কি না—আদালতের এ প্রশ্নের জবাবে তাঁরা বলেন, জরুরি ক্ষমতা আইনের বিধান অনুযায়ী এই আইনে দণ্ডিত ব্যক্তিরা দণ্ডের বিরুদ্ধে আপিল করলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর জরুরি অবস্থা ও জরুরি আইন প্রত্যাহার করা হয়। এরপর মনোনয়নপত্রের বিষয়ে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এ ছাড়া জরুরি আইনে করা মামলায় সাজার দায় থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।আইনজীবীরা অভিমত দেন, আপিল বিভাগ ও হাইকোর্টের রায়ে ম খা আলমগীরের প্রার্থিতা বাতিল বা আসন শূন্য ঘোষণার কথা বলা হয়নি। ফলে এ বিষয়ে হাইকোর্ট আদেশ দিলেও কোনো আইনগত জটিলতার সৃষ্টি হবে না। সাধারণ আইনে আপিল বিচার-প্রক্রিয়ার অংশ এবং আপিল বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম বলেন, এই রিটের সঙ্গে আইনগত ও সাংবিধানিক বিষয় জড়িত রয়েছে। বিষয়টি যাচাই করা যেতে পারে।আদেশের পর ম খা আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশন সংসদ সদস্যপদের বিষয়ে আপিল বিভাগের রায় যথার্থভাবে পর্যালোচনা করেনি। অশোভন দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশন চাঁদপুর-১ আসনের বিষয়ে সংবিধান পরিপন্থী ও বেআইনি সিদ্ধান্ত দিয়েছে। হাইকোর্ট সুস্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন।’জরুরি বিধিমালার আওতায় অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ম খা আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে।