ম খা আলমগীরের সংসদ সদস্যপদ বহাল
আওয়ামী লীগের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের চাঁদপুর-১ আসনশূন্য করে নির্বাচন কমিশনের গেজেট আইনগতভাবে কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই গেজেট প্রত্যাহার করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে। আজ বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।এই রায়ের ফলে সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ বহাল থাকল।এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ম খা আলমগীরের আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। ওই গেজেটকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে কমিশনের প্রতি রুলও জারি করেছিল আদালত। ম খা আলমগীরের এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছিলেন। তাঁর আইনজীবীরা তখন জানিয়েছিলেন এর ফলে ম খা আলমগীরের সদস্যপদ বহাল থাকছে। সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালনে কোন বাধা নেই।তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি ক্ষমতা আইনে ১৩ বছরের কারাদণ্ড হওয়ায় গত সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ম খা আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন। তিনি হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়। এর বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশ নেন। ইতিপূর্বে দেওয়া সিদ্ধান্ত বহাল রেখে গত ১৫ জুলাই লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) খারিজ করে দেন হাইকোর্ট। ২২ সেপ্টেম্বর চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ম খা আলমগীর আবার এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।