ম খা আলমগীরের সংসদ সদস্যপদ বৈধ, আপিল করবে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচনী আসন (চাঁদপুর-১) শূন্য করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।গত বছরের ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে মহীউদ্দীন খান আলমগীরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করেন। পাশাপাশি কারণ দর্শাতে রুল জারি করেন। রুলের ওপর দুদিন চূড়ান্ত শুনানি শেষে গত ২৯ অক্টোবর হাইকোর্ট নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেন।প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি ক্ষমতা আইনে মহীউদ্দীন খান আলমগীরের ১৩ বছরের কারাদণ্ড হয়। যে কারণে গত সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়ে যায়। এরপর তিনি হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন। পরে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। কিন্তু গত বছরের ১৫ জুলাই আপিল বিভাগ মহীউদ্দীন খানের লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন। যে কারণে নির্বাচন কমিশন চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। অন্যদিকে জরুরি ক্ষমতা আইনে মহীউদ্দীন খানের যে সাজা হয়, হাইকোর্ট ও আপিল বিভাগ তা বাতিল করে রায় ঘোষণা করেন।