মংলা ইপিজেডে তাইওয়ানি কোম্পানির বিনিয়োগ
মেসার্স ইনিসকা আউটডোর (বিডি) লিমিটেড নামের একটি তাইওয়ানি কোম্পানি মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় টেন্ট, স্লিপিং ব্যাগ এবং ক্যামপেইং এক্সেসরিজ শিল্পে বিনিয়োগ করবে।সম্পূর্ণ বিদেশি এই কোম্পানি প্রায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের টেন্ট, স্লিপিং ব্যাগ ও ক্যামপেইং সামগ্রী উত্পাদন ও রফতানি করবে। ইনিসকা আউটডোর (বিডি) লিমিটেড নামে এ কোম্পানিতে ১৮ জন বিদেশি নাগরিকসহ তিন হাজার ৯৯৮ জন লোকের কর্মসংস্থান হবে।ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী দপ্তরে বেপজা ও মেসার্স ইনিসকা আউটডোর (বিডি) লিমিটেডের মধ্যে আজ এ বিষয়ে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. ময়েজউদ্দিন আহমেদ ও ইনিসকা আউটডোর (বিডি) লিমিটেডের চেয়ারম্যান লিন হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সদস্য আবু রেজা খান, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) এ জেড এম আজিজুর রহমান এবং বেপজার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বাসস