মংলা থেকে ওএমএসের ১৫০ বস্তা চাল উদ্ধার
বাগেরহাটের মংলা উপজেলা থেকে ওএমএসের ১৫০ বস্তা চালভর্তি কার্গোসহ মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ রোববার ভোরে মংলা নালা থেকে এগুলো আটক করা হয়।মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. জিয়াউল হক এই প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোরে মংলা নালা থেকে কার্গোবোঝাই চালসহ মো. নজরুল ইসলামকে আটক করা হয়। সরকারি চালের প্রমাণ ঢাকতে চোরাকারবারিরা চালের বস্তা উল্টে দিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল দাবি করেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার আলমগীর কবিরাজের কাছ থেকে এই চাল কিনে বিক্রির জন্য খুলনায় নিয়ে যাচ্ছিল।মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখিল মণ্ডল জানান, আজ দুপুরে কার্গোসহ চাল ও আটক নজরুলকে মংলা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মংলা থানার উপপরিদর্শক আবদুস সাত্তার বাদী হয়ে আজ দুপুরে নজরুলসহ অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।