মংলা বন্দরকে বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সমুদ্রবন্দর ব্যবহার করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে মংলা বন্দরকে গড়ে তোলা হবে। আজ শুক্রবার মংলা বন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্দরগুলোতে নানা অভিযোগ ও সমস্যা রয়েছে। তা সমাধান করে বন্দরগুলোকে দক্ষিণ এশিয়া অঞ্চলের একেকটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’ পৃথিবীর অন্যান্য দেশের মতো বন্দর ব্যবহার করে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মংলা বন্দর ব্যবহারের ক্ষেত্রে ভারত ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দীপু মনি বলেন, সমুদ্রসম্পদ রক্ষা ও সীমানা নির্ধারণ নিয়ে ভারত এবং মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। বন্দর জেটি, পশুর চ্যানেল ও ইপিজেড এলাকা পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে বন্দরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এ সময় মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা সুলতানা, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, পুুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলামসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।