মংলায় ট্রলার উল্টে ৩ পর্যটক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় আজ সোমবার সকালে সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকবাহী একটি ট্রলার উল্টে তিনজন নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে মংলা থানার পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মেলেনি।নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন—মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা শেখপাড়ার রফিকুল ইসলামের ছেলে মাশিদুল ইসলাম (১৯), একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শামীম (১৮) এবং মেহেরপুর পৌরসভা এলাকার মোক্তার হাজির ছেলে মোহন (১৪)। মেহেরপুর জেলার সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা ও গোপালপুর গ্রাম থেকে ৫৪ সদস্যের একটি পর্যটক দল বাসযোগে আজ ভোরে মংলায় এসেছিল।মাশিদুল ও শামীম পেশায় রাজমিস্ত্রি এবং মোহন মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পর্যটক দলে থাকা খোকসা গ্রামের মো. মাসুম আলী ও রিপন শেখ মংলা থেকে মুঠোফোনে জানান, স্থানীয় উদ্যোগে খোকসা ও গোপালপুর গ্রাম থেকে তাঁরা ৫৪ জন বাসে করে গতকাল রোববার রাতে মেহেরপুর থেকে সুন্দরবন ভ্রমণের জন্য বাগেরহাটের মংলার উদ্দেশে রওনা হন। ভোরে তাঁরা মংলায় পৌঁছান। সকাল আটটার দিকে তাঁরা মংলা থেকে করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্র পরিদর্শনে যাওয়ার জন্য একটি ইঞ্জিনচালিত ট্রলার (জালিবোট) ভাড়া করেন। মংলা জেটি থেকে প্রায় ১০০ গজ দূরে যাওয়ার পর ফুয়েল জেটির সামনে ট্রলারটি প্রবল স্রোতে উল্টে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও ওই তিনজন নিখোঁজ হয়।মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার লোকমান হাকিম জানান, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর পৃথক দুটি ডুবুরি দল নিখোঁজ তিনজনকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। ট্রলারটিতে ধারণক্ষমতার অনেক বেশি যাত্রী পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।মংলা থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রলারচালক আল আমিন ও রুবেল দুর্ঘটনার পর আত্মগোপন করেছে।